২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্থবির হয়ে পড়ছে বেনাপোলের গরুর হাট

ভারতীয় কর্তৃপক্ষের কড়াকড়িতে বেনাপোলে সীমান্ত দিয়ে গরু আসা কমে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আসাদুজ্জামান আসাদ, বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2015, 10:30 PM

Updated : 22 Aug 2022, 12:46 PM

নাভারন শুল্ক করিডোরের রাজস্ব কর্মকর্তা আব্দুস সালাম বলেন, গেল বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত শার্শার বিভিন্ন সীমান্ত দিয়ে প্রতিমাসে গরু এসেছিল গড়ে ৪৯ হাজার ৩০৮টি, অথচ বর্তমানে এই সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৯৬০টি।

এ কারণে গরু আনা নেওয়ার রাখাল, পরিবহন শ্রমিক, পশুহাট ও খাটালের সঙ্গে যুক্ত শার্শা ও আশপাশের সীমান্ত এলাকার প্রায় ৪০ হাজার লোক বেকার হয়ে পড়েছে বলে দাবি করেন শার্শা উপজেলা পরিষদের নাজির কফিল মাহমুদ।

শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম শরিফুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় পশুহাট হচ্ছে শার্শার বাগআচড়া সাতমাইল পশুহাট। এই হাটের ৯০ শতাংশ গরু ভারতীয়।

বাংলাদেশের সর্বোচ্চ আদালতে মামলা থাকায় হাটটিতে নানারকম নিয়ন্ত্রণ আরোপ করছে উপজেলা প্রশাসন। তাছাড়া গরু আমদানিতে ভারতীয় কর্তৃপক্ষের কড়াকড়ির কারণে গরু আসা কমে গছে।

“গতবছর প্রতি হাটে গড়ে পশু বেচাকেনা হতো ১৭ হাজারের মতো, অথচ ভারত থেকে গরু আসা কমে যাওয়ায় এখন বেচাকেনার সংখ্যা দাঁড়িয়েছে গড়ে এক হাজারের একটু বেশি,” বলেন ইউএনও।

খুলনা ২৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রহিম বলেন, এতদিন সীমান্তের হাজার হাজার মানুষ গরু ব্যবসার সঙ্গে জড়িত ছিল। এখন তা কমে যাওয়ায় এর সঙ্গে জড়িত অনেকে চোরাচালানে জড়িয়ে পড়তে পারে।

এছাড়াও সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হতে পারে বলে আশঙ্কা তার।