২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জমে উঠেছে ফেনীর ঈদ বাজার

ভারতীয় শাড়ি ও থ্রি পিসে ভরে গেছে ফেনীর বাজার।

নাজমুল হক শামীম

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2015, 10:27 PM

Updated : 12 Oct 2022, 04:00 PM

রোজার শেষ দিকে শহরবাসী এখন কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন।

প্রতিদিনই শহরের বড় বড় শপিংমল থেকে শুরু করে ফুটপাতে ভিড় জমাচ্ছেন নানা শ্রেণির ক্রেতা।

বিভিন্ন শপিংমল ঘুরে দেখা যায়, ঈদে এবার মেয়েদের পছন্দের তালিকায় রয়েছে বিভিন্ন নামের ভারতীয় পোশাক। এরমধ্যে রয়েছে কিরণমালা, বরফি, বাসন্তি, পিয়নার, লং কামিজ ও ফ্লোর টাচ উল্লেখযোগ্য।

তবে ভারতীয় পোশাকের পাশাপাশি ঢাকাইয়া জামদানি, মুসলিম জামদানি, সুতি জামদানির চাহিদাও রয়েছে, যা ১৫শ থেকে ৯৫ হাজার টাকার মধ্যে পাওয়া যাচ্ছে।

এদিকে ছেলেদের পছন্দের শীর্ষে আছে পাঞ্জাবি ‘মাইনোভার’, সিল্ক, অ্যান্ডি, ধুপিয়ান ও তসর। এছাড়াও পিকে, চেলসি, মেসি, ভাইরাস, পিকিং, বার্সেলোনা ব্রান্ডের জিন্স প্যান্ট বেশি বিক্রয় হচ্ছে।

রোজা শেষের দিকে হওয়ায় শপিং মলগুলোতে ভিড় বাড়ছে বলে জানান বিক্রেতারা।

সাকির ডির্পামেন্টাল স্টোরের স্বত্বাধিকারী নজরুল ইসলাম সবুজ জানান, ঈদের আগ পর্যন্ত বেচাকেনা তিন লাখ টাকা ছড়িয়ে যাবে।

জামা কাপড়ের পাশাপাশি জুতার দোকানগুলোতে ভিড় জমাচ্ছে বিভিন্ন বয়সী ক্রেতারা।

বাটা বাজার, এপেক্স গ্যালারি, মেট্রো এন্ড কোং, অটবি সুজসহ বিভিন্ন জুতার দোকানগুলোতেও ক্রেতাদের বেশ ভিড় দেখা গেছে।

সাতশ থেকে সাত হাজার টাকার জুতা রয়েছে এসব দোকানে।

অন্যদিকে নিম্ন আয়ের লোকজন তাদের তাদের পছন্দমত কেনাকাটা করতে ভিড় করছে ফুটপাতে।