সোয়ান গ্রুপের শ্রমিকদের পাওনা আদায়ে অবস্থান
রাজধানীর সোয়ান গ্রুপের শ্রমিকদের বকেয়া বেতন-বোনাসের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র।
রোববার সকালে অবস্থান নিয়ে শ্রমিক সংগঠনটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মনজুর মঈন সাংবাদিকদের বলেন, “দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি চলবে। প্রয়োজনে আমরা এখানে ঈদ করব।”
তাদের দাবিগুলো হল- ঈদের আগে সোয়ান গার্মেন্টের শ্রমিকদের তিন মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাস পরিশোধ, বন্ধ কারখানা খুলে দেওয়া, শ্রমিকদের নামে দায়ের করা মামলা প্রত্যাহার।
কর্মসূচিতে তৈরি পোশাক কারখানা সোয়ান গার্মেন্টের শ্রমিকরাও রয়েছেন। গার্মেন্ট শ্রমিক নেতা মন্টু ঘোষ, সাদিকুর রহমান শামীম, জলি তালুকদারও উপস্থিত ছিলেন অবস্থান কর্মসূচিতে।
গত ১০ এপ্রিল বিনা নোটিসে বন্ধ করে দেওয়া হয় সোয়ান গ্রুপের সোয়ান গার্মেন্ট প্রাইভেট লিমিটেড ও সোয়ান জিন্স কারখানা দুটি।
ফলে ঈদের আগে এই দুটি কারখানার ১৩০০ শ্রমিক বেকার হয়ে পড়েছেন।
