২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে লিমন খুনের ঘটনায় গ্রেপ্তার ৩

রংপুরে পরিবহন শ্রমিক লিমন মিয়া খুনের ঘটনায় জড়িত অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2015, 06:00 PM

Updated : 25 Apr 2022, 01:36 PM

এরা হলেন, পান দোকানি শাহজাহান (২৯), তার বন্ধু মানিক (৩০) ও খোকন (২৯)।

রোববার দুপুরে নগরীর ধাপ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এদের সবার বাড়ি নগরীর চেকপোস্ট এলাকায় বলে কোতোয়ালি থানার ওসি আবদুল কাদের জিলানী জানিয়েছেন। 

নগরীর চেকপোস্ট এলাকায় দেশ ক্লিনিকের পাশে মধ্যরাতে ছুরিকাঘাতে লিমনকে হত্যা করে দুর্বৃত্তরা। নিহত লিমন মিয়া (২২) খলিফাটারী এলাকার সুলতান মিয়ার ছেলে।

গ্রেপ্তার তিনজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দির উদ্ধৃতি দিয়ে ওসি জিলানি জানান, “লিমনের কাছ থেকে কয়েক হাজার টাকা নিয়ে ব্যবসা করতেন দেশ ক্লিনিকের পাশের পান দোকানি শাহজাহান। শনিবার পাওনা টাকা পরিশোধের কথা ছিল।”

“সে অনুযায়ী রাত ১১টায় পাওনা টাকা আনতে যান লিমন। শাহজাহান ঈদের পরে টাকা দিতে চাইলে লিমন তাকে রিকশায় তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। খবর পেয়ে শাহজাহানের বন্ধু মানিক ও খোকন ছোরা দিয়ে লিমনের গলায় ও পেটে আঘাত করে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় লিমনের।”

নিহত লিমনের বাবা সুলতান মিয়া বাদী হয়ে শাহজাহান, মানিক ও খোকনকে আসামি করে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেছেন বলে ওসি জানান।