২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অপহৃত হোমিও ডাক্তার ১০ ঘণ্টা পর উদ্ধার

ঢাকার নবাবগঞ্জ থেকে অপহরণের ১০ ঘণ্টা পর দোহার উপজেলা থেকে এক হোমিও চিকিৎসককে উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2015, 05:44 PM

Updated : 22 Aug 2022, 12:46 PM

শনিবার রাত ১১টার দিকে দোহারের জয়পাড়া বাজার থেকে হযরত আলীকে (৭০) উদ্ধার করা হয় বলে জানান নবাবগঞ্জ থানার এসআই মো. আবুল বাশার।   

হযরত আলীর বাড়ি নবাবগঞ্জের আগলা গ্রামে। স্থানীয় আগলা বাজারে রয়েছে তার চেম্বার ‘জনকল্যাণ হোমিও চিকিৎসালয়’।  

হযরত আলীর বরাত দিয়ে এসআই বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার বেলা ১টার দিকে বোরকাপড়া এক নারী এসে তার বোনকে দেখার জন্য নিতে আসেন।    

পরে দুই ব্যক্তির সহযোগিতায় একটি অন্ধকার ঘরে তাকে আটকে রাখে এবং মেয়েটির সঙ্গে কিছু অশ্লীল ছবি তোলে। পরে মুক্তিপণ হিসেবে তার কাছে দুই লাখ টাকা দাবি করা হয়।

শেষ পর্যন্ত পঞ্চাশ হাজার টাকায় সমঝোতা হয়। পরে অপহরণকারীরা মোবাইল ফোনে তার পরিবারের সদস্যদের মুক্তিপণের টাকা নিয়ে জয়পাড়া বাজারে আসতে বলে।

এসআই বাশার আরও জানান, এদিকে হযরতের ছেলে নাঈম শনিবার রাতে বিষয়টি পুলিশকে জানান। এরপর পুলিশ মোবাইল ট্র্যাকিং করে তাদের অবস্থান সনাক্ত করে অভিযান চালায়।

অপহরণকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে হযরতকে ফেলে পালিয়ে যায়।

অপহরণে জড়িত ওই নারীর নাম বা পরিচয় জানাতে পারেননি ওই চিকিৎসক।

এসআই বাশার বলেন, অপহরণের ঘটনায় জড়িত সন্দেহে রাতেই চার জনকে আটক করা হয়েছিল। পরে ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততা না পাওয়ায় রোববার সকালে ছেড়ে দেওয়া হয়।