২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ময়মনসিংহের ট্রেনটিকেট না পাওয়ার অভিযোগ

চট্টগ্রামে অগ্রিম টিকেট বিক্রির তৃতীয় দিনে টিকেট না পাওয়ার অভিযোগ করেছে ময়মনসিংহগামী যাত্রীরা। 

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2015, 01:11 PM

Updated : 22 Aug 2022, 12:46 PM

শনিবার চট্টগ্রাম রেল স্টেশনে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেসের টিকেট বিক্রি শুরু হওয়ার আধা ঘণ্টার মধ্যে শেষ হয়ে যায়।

১৫ জুলাইয়ের টিকেট সংগ্রহে ভোররাত থেকে অপেক্ষার পরও টিকেট না পেয়ে অনেককে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে।

রেল স্টেশনের এক থেকে তিন নম্বর কাউন্টারে (ঢাকাগামী ট্রেনের জন্য নির্ধারিত) তেমন কোনো ভিড় না থাকলেও চার (সিলেট), পাঁচ ও ছয় নম্বর (লাকসাম, আখাউড়া, ভৈরব ও ময়মনসিংহ) কাউন্টারে দেখা গেছে দীর্ঘ সারি।

ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেসের টিকেট সংগ্রহে আসা চাকরিজীবী মো. জাফর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সেহেরি খেয়েই টিকেটের জন্য এসে দেখি কাউন্টারে লাইন।

“লাইনে সাত ঘণ্টা দাঁড়িয়ে যখন কাউন্টারে এলাম, তখন বলা হল ময়মনসিংহের কোনো টিকেট নেই।”

বিজয় এক্সপ্রেসে ময়মনসিংহের জন্য আসন রয়েছে ২০৭টি।

এই ট্রেনটির টিকেট শেষ হয়ে গেলেও অন্যান্য রুটের ট্রেনের টিকেট মিলছে।

লাকসামগামী ট্রেনের টিকেট হাতে পাওয়া মো. ইদ্রিছ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুই ঘণ্টা লাইনে দাঁড়িয়ে অবশেষে টিকেট হাতে পেয়েছি।”

গত বৃহস্পতিবার রেলওয়ে পূর্বাঞ্চল ঈদে ঘরমুখো মানুষের জন্য অগ্রিম টিকেট বিক্রি শুরু করে। তবে প্রথম দিন যাত্রীর সংখ্যা ছিল কম।

ঈদ ‍উপলক্ষে পূর্বাঞ্চল রেলওয়ে প্রতিদিন ৬ হাজার ১৮১টি টিকেট বিক্রি করছে। তার মধ্যে ২৫ শতাংশ ইন্টারনেট ও মোবাইলে, পাঁচ শতাংশ ভিআইপি এবং রেলওয়ে কর্মকর্তা কর্মচারীদের জন্য পাঁচ শতাংশ বরাদ্দ রাখা হচ্ছে।

১২ তারিখে ১৬ জুলাইয়ের, ১৩ তারিখ থেকে ১৭ জুলাইয়ের টিকেট বিক্রি করা হবে। তবে ১৭ তারিখে চাঁদ দেখা না গেলে ওইদিন রাতে ১৮ জুলাইয়ের টিকেট দেওয়া হবে।

এদিকে গত শুক্রবার টিকেট কালোবাজারির সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

কালোবাজারি রোধে স্থাপিত র‌্যাব-৭ এর অস্থায়ী ক্যাম্পের ডিএডি মো. কুদরত উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডকটমকে বলেন, এখন পর্যন্ত পরিস্থিতি সন্তোষজনক।