ফেনীতে মাদকসহ আ. লীগ নেতা গ্রেপ্তার
ফেনীর সোনাগাজীতে পুলিশের তালিকাভুক্ত মাদক বিক্রেতা এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
সোনাগাজী মডেল থানার ওসি নবীর হোসেন জানান, শুক্রবার রাতে উপজেলার উত্তর চর চান্দিয়া গ্রাম থেকে রহমত উল্যাহকে (৫০) গ্রেপ্তার করা হয়।
রহমত চর চান্দিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ওই গ্রামের আফজাল রহমানের ছেলে।
ওসি নবীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদ পেয়ে রাত সাড়ে ১০টার দিকে উত্তর চর চান্দিয়া গ্রামের কালা মাঝির বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় ২৫০ পুড়িয়া গাঁজা ও ১০টি ইয়াবা ট্যাবলেটসহ রহমতকে গ্রেপ্তার করা হয়।
“রহমত পুলিশের তালিকভুক্ত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ছয়টি মাদকের মামলা রয়েছে।”
চলতি বছরের ফেব্রুয়ারি থেকে রহমত উল্যাহর স্ত্রী ও দুই ছেলে মাদক মামলায় কারাগারে রয়েছেন বলেও জানান তিনি।
