রেলটিকিট কালোবাজারির দায়ে ৩ জনের সাজা
চট্টগ্রাম রেল স্টেশনে কালোবাজারে টিকিট বিক্রির অভিযোগে তিন জনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসানের নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিরুল কায়সার।
এসময় রেল স্টেশনে র্যাবের অস্থায়ী ক্যাম্পের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
সাজাপ্রাপ্ত তিন জন হলেন- মো মামুন, শাহাদাত ইসলাম ও মাহফুজা খাতুন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিরুল কায়সার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যাত্রীবেশে ওই তিন জনের সঙ্গে মোবাইলে যোগাযোগ করার পর স্টেশনে এসে তাদের কাছ থেকে বিভিন্ন গন্তব্যের টিকিট বাড়তি দামে কিনে নিই।
“চট্টগ্রাম থেকে ঢাকাগামী স্নিগ্ধা (শীতাতপ) প্রতিটি টিকিটের দাম ছয়শ দশ টাকা। সেই টিকিট তাদের কাছ থেকে কিনেছি এক হাজার দুইশ ২৫ টাকায়। তাদের কাছ থেকে বিভিন্ন গন্তব্যের পাঁচটি ট্রেনের টিকিট এবং মোবাইলে টিকিট বুকিং এর চারটি কোড নম্বর পাওয়া যায়।”
আটকের পর তাদের প্রত্যেককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার থেকে চট্টগ্রাম রেল স্টেশনে ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। টিকেট বিক্রি হচ্ছে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।
শুক্রবার স্টেশনের সাতটি কাউন্টারে ১৪ জুলাইয়ের ঢাকা, সিলেট, ব্রাক্ষণবাড়িয়াসহ বিভিন্ন গন্তব্যের টিকিট বিক্রি করা হয়।
