২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টানা বর্ষণে জলমগ্ন শরীয়তপুর শহর

দুই দিনের টানা বৃষ্টিতে শরীয়তপুর শহরের বেশিরভাগ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে।

কে এম রায়হান কবীর

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2015, 06:34 PM

Updated : 22 Aug 2022, 12:45 PM

শহরের অধিকাংশ রাস্তাঘাট ও আবাসিক এলাকা পানির নিচে তলিয়ে গেছে।

পথাচারী ও যানবাহন চলাচলে ব্যাপক দুর্ভোগ পোহাতে হয়।

পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে পৌরবাসী মনে করেন।

বৃহস্পতিবার ও আজ শুক্রবার টানা বৃষ্টিতে রাস্তায় পানি জমে গেছে। কোথাও কোথাও হাঁটু পানি হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, পালং স্কুল রোড়, হরিসভা, উত্তর বাজার, স্বর্ণঘোষ, নিরালা আবসিক এলাকা, শান্তিনগর এলাকায় প্রায় ৩ থেকে ৪ ফুট পর্যন্ত পানি জমেছে। ঘরবাড়িতে পানি ঢুকে গেছে।

বাসায় পানি উঠে যাওয়ার কারণে কেউ কেউ বাসা বাড়িতে তালা দিয়ে অন্যত্র চলে গেছে।

শহারের কয়েক হাজার বাসিন্দা পানিবন্দি হয়ে পড়েছে।

শহরের মধ্য বাজারের ব্যবসায়ী আলমগীর হোসেন ও গৃহবধূ সবিতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ১৯৮৫ সালে শরীয়তপুর পৌরসভা প্রতিষ্ঠিত হয়। ১৯৯৬ সালে এ পৌরসভা দ্বিতীয় শ্রেণি এবং ২০০৫ সালে প্রথম শ্রেণির মর্যাদা লাভ করে।

পৌরসভার মোট আয়তন প্রায় ২৫ বর্গ কিলোমিটার।

কিন্তু এ পৌরসভায় এখনও প্রয়োজনীয় নাগরিক সুযোগ সুবিধা গড়ে উঠেনি বলে দাবি করেন তারা।

শরীয়তপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগ সভাপতি আবদুর রব মুন্সী বলেন, বৃষ্টির কারণে জলাবদ্ধাতা সৃষ্টি হয়েছে। স্থায়ীভাবে জলাবদ্ধতা দূর করার জন্য ড্রেনেজ দরকার।

“পৌরসভার তহবিলে টাকা না থাকায় সমস্যা সমাধান হচ্ছে না,” বলেন তিনি।