দুই বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ
অবৈধ অনুপ্রবেশের অভিযোগে চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তের ওপারে দুই বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ।
শুক্রবার সকালে জগণ্ণাথপুর সীমান্তের মেইন পিলারের বিপরীতে ভারতীয় অংশ থেকে তাদের আটক করা হয় বলে বিজিবি জানিয়েছে।
আটকরা হলেন দামুড়হুদার হুদাপাড়া গ্রামের বগু মিয়া (৪০) এবং আজগর আলী (৩০)।
স্থানীয়রা জানিয়েছেন, দুজনই গরু কেনাবেচার কাজ করেন। গরু আনতেই তারা সীমান্ত পার হয়েছিলেন।
চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল এসএম মনিরুজ্জামান জানান, ৮১ বিএসএফ ব্যাটালিয়নের গোংরা ক্যাম্পের টহল দল ওই দুজনকে ভারতীয় সীমান্তের মধ্য থেকে আটক করেছে।
তাদের ফেরত চেয়ে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে বলে জানান তিনি।
