মিরসরাই ট্রাজেডি এখনও তাড়িয়ে বেড়ায় স্বজনদের
চার বছর আগে মারা গেছে ছেলে; কিন্তু এখনও রাতে অর্চনা দাসের মনে হয়, ছেলে যেন তাকে ‘মা-মা’ ডাকছে।
২০১১ সালে মিরসরাইয়ে দুর্ঘটনায় সন্তান হারানো অর্চনার মানসিক বিপর্যস্ততা কাটেনি এখনও।
এই নারীর মতো অবস্থা যে আরও কয়েকজনেরই, তা বৃহস্পতিবার চট্টগ্রাম সার্কিট হাউজে ‘মেন্টাল হেলথ অ্যাডভোকেসি এসোসিয়েশন’ আয়োজিত অনুষ্ঠানে উঠে আসে।
মিরসরাই ট্রাজেডিতে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মানসিক স্বাস্থ্য পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় বিষয়ে পরামর্শ দিতে এই অনুষ্ঠানের আয়োজন, যাতে অর্চনার মতো কয়েকজন তাদের সমস্যার কথা জানান।
২০১১ সালের ১১ জুলাই বড়তাকিয়া-আবু তোরাব সংযোগ সড়কের দক্ষিণ সৈদালী গ্রামে শিক্ষার্থীদের বহনকারী একটি মিনিট্রাক উল্টে সড়কের পাশের খাদে পড়ে গেলে ৪৪ জন নিহত হয়। ওই শিক্ষার্থীরা খেলা দেখতে যাচ্ছিল।
নিহত ছাত্রদের মধ্যে ছিল অর্চনার ছোট ছেলে টিটু চন্দ্র দাস।
সভায় নিহতদের স্বজনরা জানান, দুর্ঘটনার চার বছর পরও তারা স্বাভাবিক জীবনে ফিরতে পারছেন না। মানসিক বিপর্যস্ততা কাটাতে প্রয়োজনীয় চিকিৎসা সেবাও পাননি তারা।
ওই ট্রাকে থাকলেও প্রাণে বেঁচে যাওয়া মো. হাবিব সাগর (এখন কলেজে পড়েন) বলেন, “সেদিনের কথা মনে পড়লে এখনও রাতে ঘুম হয় না। রাতে মা পাশে না থাকলে ভয়ে ঘুমাতে পারি না। ঘুমালেও ঘুম ভেঙে গিয়ে চোখে ভাসতে থাকে বন্ধুদের মৃতদেহ।”
এই ট্রাকেই ছিল ছাত্ররা, যাদের ৪৪ জন মারা যায়
একই ধরনের মানসিক সমস্যার কথা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান আশিক রিজভি হৃদয়, মো. জাফর, কাশেমহ, মণিবালা, হাসিনা বেগমসহ দুর্ঘটনায় স্বজন হারানোরা।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপনকারী সাইকোথেরাপিস্ট রীপা পালিত জানান, ৫ জুলাই তিনিসহ পাঁচজন সাইকোথেরাপিস্ট ১৫ পরিবারের ৩৬ জন স্বজনকে পরীক্ষা করেছেন।
“এদের মধ্যে ৭৮ শতাংশের মধ্যেই পিটিএসডিসহ (পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার) বিভিন্ন ধরনের মানসিক সমস্যার লক্ষণ বিদ্যমান এবং ক্রমেই তা বাড়ছে।”
স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য ক্ষতিগ্রস্তদের কাউন্সিলিং এবং প্রশিক্ষণ দেওয়াসহ সাতটি সুপারিশও উপস্থাপন করেন তিনি।
এনজিও উৎসের নির্বাহী পরিচালক মোস্তফা কামাল যাত্রার সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন মেন্টাল হেলথ অ্যাডভোকেসি অ্যাসোসিয়েশনের আহ্বায়ক শরীফ চৌহান। সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুল জলিল।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য মহিউদ্দিন শাহ আলম নিপু, বাংলা বিভাগের অধ্যাপক শিরিন আখতার, মিরসরাইর সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন সভায় বক্তব্য রাখেন।
