গাজীপুরে পৃথক দুর্ঘটনায় নিহত ৩
গাজীপুর সদর উপজেলায় দুই ট্রাকের সংঘর্ষে এক চালক ও তার সহকারী এবং কালিয়াকৈরে ট্রাক ও লেগুনার সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন।
কালিয়াকৈর থানার এসআই মো. সাইফুল ইসলাম জানান, বৃহস্পতিবার ভোরে উপজেলার সফিপুর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে টাঙ্গাইলগামী একটি ট্রাক এবং বিপরীত দিক থেকে আসা লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই আনুমানিক ৩৫ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক যাত্রীর মৃত্যু হয়, আহত হন লেগুনার চার আরোহী।
আহতদের স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে এস আই সাইফুল জানান।
এদিকে বুধবার মধ্যরাতে সদর উপজেলার হোতাপাড়ায় বিমান বাহিনীর প্রকল্প এলাকার সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অপর দুর্ঘটনাটি ঘটে।
নাওজোর মহাসড়ক পুলিশ ফাঁড়ির এসআই মো. বাহার আলম জানান, ঢাকামুখী মুরগিবাহী একটি ট্রাক ওই এলাকায় রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা আরেকটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা খায়।
“এতে মুরগির ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক ও তার সহকারী ঘটনাস্থলেই মারা যান। এসময় ট্রাকে থাকা অন্তত ২০০ মুরগীও প্রাণ হারায়।”
নিহতদের পরিচয় জানা যায়নি। তবে তাদের বয়স ২৮ থেকে ৩০ বছরের মধ্যে বলে পুলিশ সদস্য বাহার জানান।
ট্রাক দুটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে মুরগীর মালিক ঘটনাস্থলে এসে জীবিত মুরগিগুলো নিয়ে গেছেন।
লাশ তিনটি উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
