কোকেনকাণ্ড: সেনা পরীক্ষাগারসহ তিন স্থানে পরীক্ষার নির্দেশ
চট্টগ্রাম বন্দরে আটক কনটেইনারে থাকা সূর্যমুখী তেলের ১০৭টি ড্রাম থেকে সংগ্রহ করা নমুনা আবার ঢাকায় তিনটি স্থানে পরীক্ষার আদেশ দিয়েছে আদালত।
বুধবার রাতে চট্টগ্রাম মহানগর হাকিম ফরিদ আলম এ আদেশ দেন।
আদালতের নির্দেশনা অনুসারে এদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চট্টগ্রাম বন্দরে আটক সূর্যমুখী তেলবাহী কনটেইনারটি খুলে ১০৭টি ড্রাম থেকে আলামত সংগ্রহ করেন তদন্ত কর্মকর্তা।
চট্টগ্রাম আদালতের অতিরিক্ত উপ-কমিশনার (প্রশিকিউশন) কাজী মুত্তাকি ইবনু মিনান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আদালত ঢাকা সেনানিবাসের আর্মড ফোর্সেস ফুড অ্যান্ড ড্রাগ ল্যাবরেটরি, ঢাকায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরীক্ষাগার এবং সিআইডির ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষার আদেশ দিয়েছে।
“আদালত বলেছে, প্রয়োজন হলে এসব নমুনা বিদেশের কোনো পরীক্ষাগারে পরীক্ষা করা যায় কি না, সে ব্যবস্থা গ্রহণে তদন্ত কর্মকর্তা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গেও যোগাযোগ করবেন। সেক্ষেত্রে প্রয়োজন হলে পররাষ্ট্র মন্ত্রণালয় ব্যবস্থা নেবে।”
বুধবার সকাল ১১টায় তদন্ত কর্মকর্তা চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (উত্তর) মো. কামরুজ্জামান আলামত সংগ্রহ শুরু করেন। সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত আলামত সংগ্রহের কাজ চলে।
এসময় প্রতিটি ড্রাম থেকে একটি করে ২০০ মিলিমিটারের বোতলে নমুনা সংগ্রহ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আলী আসলাম হোসেন, বন্দরের পরিচালক (নিরাপত্তা) লেফটেন্যান্ট কর্নেল আলমগীর কবির, উপ-পরিচালক (নিরাপত্তা) মো. নিজাম উদ্দিন, নগর পুলিশের উপ-কমিশনার কুসুম দেওয়ান, কাস্টমসের সহকারী কমিশনার মুকিতুল ইসলাম এবং শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপ-পরিচালক মালেকিন নাসির আকন্দ।
উপ-কমিশনার কুসুম দেওয়ান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আদালতের নির্দেশনা অনুসারে নমুনা সংগ্রহ করে আদালতে হাজির করা হয়। পাশাপাশি সংগ্রহ করা নমুনা বিসিএসআইআর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং সিআইডির ফরেনসিক ল্যাবে পরীক্ষার জন্য আদালতে আবেদন করা হয়।”
এর আগে মঙ্গলবার চট্টগ্রামের মহানগর হাকিম মোহাম্মদ ফরিদ আলম পাঁচ সরকারি সংস্থার সমন্বয় সাধনের এবং প্রথম শ্রেণির কর্মকর্তাদের উপস্থিতিতে আলামত সংগ্রহের আদেশ দিয়েছিলেন।
পাশাপাশি সরকারি সংস্থাগুলোর কোনোটির উপর কোনোটিকে কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা না করতে হুঁশিয়ারও করে দিয়েছিলেন তিনি।
এই কন্টেইনারের একটিতে সূর্যমুখী তেলের মধ্যে তরল কোকেন পাওয়া গেছে
এর আগে গত ৮ জুন মাসে বন্দরের চার নম্বর ইয়ার্ডে থাকা কনটেইনারটি খুলে ১০৭টি ড্রাম খেকে নমুনা সংগ্রহ করে ওই দিনই কায়িক পরীক্ষা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মাঠ পর্যায়ের ওই পরীক্ষায় তরল কোকেনের উপস্থিতির কোনো প্রমাণ না পাওয়ায় সংগৃহীত নমুনা ঢাকার সায়েন্স ল্যাবরেটরি (বিসিএসআইআর) ও বাংলাদেশ ড্রাগ টেস্টিং ল্যাবরেটরিতে পরীক্ষা করায় শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
ঢাকায় পরীক্ষায় একটি ড্রামে কোকেন থাকার কথা নিশ্চিত হওয়া গেছে বলে ২৭ জুন শুল্ক গোয়েন্দা অধিদপ্তর।
৫ জুলাই এ মামলায় পুলিশের কাছে আলামত না থাকা, জব্দ তালিকা না থাকা এবং আদালতের নির্দেশনা ছাড়া নমুনা পরীক্ষা করায় ক্ষোভ প্রকাশ করেন মহানগর হাকিম ফরিদ আলম।
ওই দিন আদালত মৌখিকভাবে এ ঘটনায় সংশ্লিষ্ট সব সরকারি সংস্থার মধ্যে সমন্বয় সাধনের নির্দেশ দেন।
পরদিন ৬ জুন চট্টগ্রাম বন্দরে গিয়ে কাস্টমস কর্মকর্তাদের অনুপস্থিতির কারণে আলামত সংগ্রহ না করেই ফেরেন মামলার তদন্ত কর্মকর্তা।
এরপর এ বিষয়ে আদালতের লিখিত নির্দেশনা চান তিনি। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার আদালত চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, বন্দরের নিরাপত্তা বিভাগ, কাস্টমস, শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও চট্টগ্রাম মহানগর পুলিশকে সমন্বিতভাবে তদন্ত করার নির্দেশ দেন।
কোকেন আটকের এই ঘটনায় ইতোমধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছ। তারা হলেন- গার্মেন্ট পণ্য রপ্তানিকারক প্রতিষ্ঠান মণ্ডল গ্রুপের বাণিজ্যিক নির্বাহী আতিকুর রহমান খান, কসকো বাংলাদেশ শিপিং লাইনস লিমিটেডের ব্যবস্থাপক (করপোরেট, বিক্রয় ও বিপণন) এ কে আজাদ, মোস্তফা কামাল নামের এক ব্যক্তি এবং আমাদানিকারক প্রতিষ্ঠান খান জাহান আলী লিমিটেডের কর্মচারী গোলাম মোস্তফা সোহেল।
তদন্তকারীরা জানিয়েছেন, মোস্তফা কামালের আত্মীয় বকুল এই মাদক পাচারচক্রের হোতা, যিনি যুক্তরাজ্যে থাকেন। রাজু নামের এক ভারতীয় নাগরিকও এর সঙ্গে জড়িত।
