২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পছন্দের কলেজ না পেয়ে আত্মহত্যার চেষ্টা

পছন্দের কলেজে ভর্তি হতে না পেরে বরিশালে আত্মহত্যার চেষ্টা করেছে এএসসিতে জিপিএ-৫ পাওয়া এক ছাত্রী।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2015, 04:47 PM

Updated : 22 Aug 2022, 12:45 PM

অচেতন অবস্থায় নূহা আক্তারকে (১৬) শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার বেলা ১২টার দিকে নগরীর রূপাতলী পাওয়ার হাউজিংয়ের কোয়ার্টারে নিজ বাসায় আত্মহত্যার চেষ্টা করে সে।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মামুন অর রশিদ জানান, ওই ছাত্রী ‘স্যাভলন’ খেয়েছিল।

তবে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়ায় সে এখন আশংকামুক্ত।

ছাত্রীর বাবা বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা মতিউর রহমান জানান, এবছর সাগরদী এ ওয়াহেদিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে তার মেয়ে।

মেয়ের স্বপ্ন ছিল সরকারি মহিলা কলেজে ভর্তি হবে।

অন লাইনে ভর্তির আবেদনে পছন্দের শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় প্রথমেই ছিল সরকারি মহিলা কলেজের নাম।

তবে তাকে ভর্তি হতে বলা হয়েছে সরকারি হাতেম আলী কলেজে। এ কারণে সে স্যাভলন খেয়ে অচেতন হয়ে পড়ে।