২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাড়ির লাইসেন্স জালিয়াতি: দুইজন আটক

রাজধানীর খিলগাঁও থেকে গাড়ির ‘জাল’ লাইসেন্স তৈরির সরঞ্জামসহ দুজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2015, 01:15 PM

Updated : 22 Aug 2022, 12:45 PM

তারা হলেন, মাসুম পারভেজ (৩২) ও আল মামুন (৩০)।

মহানগর পুলিশের গণমাধ্যম শাখার অতিরিক্ত উপ কমিশনার এস এম জাহাঙ্গীর আলম সরকার জানান, বুধবার সকালে খিলগাঁও থানা এলাকা থেকে তাদের আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে কম্পিউটার, জাল লাইসেন্স তৈরির মেশিন, প্রিন্টারসহ বিভিন্ন ধরনের ইলেকট্রনিক সরঞ্জাম উদ্ধার করা হয়।

দুপুরে মহানগর পুলিশের গণমাধ্যম কার্যালয়ে এক ব্রিফিংয়ে মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, “তারা দীর্ঘদিন ধরে হালকা যানবাহনের জাল লাইসেন্স তৈরি করে জনগনের সঙ্গে প্রতারণা করে আসছিল।

প্রতিটি লাইসেন্স তারা এক হাজার থেকে চার হাজার টাকায় বিক্রি করতো।”

আটকদের জিজ্ঞাসাবাদ করে তাদের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খুঁজে বের করা হবে বলেও জানান পুলিশ কর্মকর্তা মনিরুল।

ব্রিফিংয়ে গোয়েন্দা পুলিশের উপ কমিশনার শেখ নাজমুল আলম, উপ কমিশনার মাশরেকুর রহমান খালেদ, উপ কমিশনার (গণমাধ্যম) মুনতাসিরুল ইসলাম উপস্থিত ছিলেন।