খুলনায় ছাদ ধসে কিশোরী নিহত
খুলনা নগরীতে বাস ভবনের ছাদ ধসে এক কিশোরী নিহত হয়েছে।
বৃষ্টির কারণে শনিবার সকালে শহরের আহসান আহমেদ রোডে পুরনো ওই ভবনটির ছাদ ধসে পড়ে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
নিহত আবিদা আরেফিন শাপলা (১৩) ওই এলাকার ইমামুল হাকিম টিটোর মেয়ে এবং নগরীর সরকারি ইকবালনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।
খুলনা ফায়ার সার্ভিসে সিনিয়র স্টেশন কর্মকর্তা মাসুদ সরদার জানান, পরিবারের সঙ্গে নিজেদের এক তলা ওই ভবনে থাকত শাপলা। সকালের তার কক্ষের ছাদ ধসে পড়লে গুরুতর আহত হয় সে। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরিবারের বাকি সদস্যরা অন্য কক্ষে থাকায় তারা প্রাণে বেঁচে যান বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
