নবাবগঞ্জে পুলিশের অভিযানে আসামি গুলিবিদ্ধ
ঢাকার নবাবগঞ্জে একদল লোক অন্যের জমির মাটি কেটে নেওয়ার সময় পুলিশের অভিযানে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন।
নবাবগঞ্জ থানার ওসি মো. সায়েদুর রহমান জানান, শুক্রবার সন্ধ্যায় উপজেলার মরিচা এলাকার এ ঘটনায় গুলিবিদ্ধ একজনসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, যারা অবৈধ মাটি কাটার ঘটনায় করা মামলার আসামি।
এরা হলেন- মরিচা গ্রামের আইয়ুব আলীর ছেলে আজিম (৩৫) ও একই গ্রামের আনোয়ার দেওয়ানের ছেলে উজ্জল দেওয়ান (২৮)।
সায়েদুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার সন্ধ্যায় মরিচা গ্রামে মেশিন দিয়ে অবৈধভাবে অন্যের জমির মাটি কেটে নেওয়ার খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মাটি কাটা বন্ধ করে দিয়ে মেশিনের ব্যাটারি খুলে ফেলে।
“এসময় মাটি কাটার কাজে নিয়োজিত ২৫/৩০ জনের সংঘবদ্ধ একটি দল দেশি অস্ত্র নিয়ে পুলিশের উপর হামলা চালিয়ে পুলিশের বন্দুক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে সন্ত্রাসীরা পুলিশের ৮ সদস্যকে মারধর করে
“এক পর্যায়ে আত্মরক্ষার্থে পুলিশ গুলি ছুড়লে আজিম নামে এক যুবকের বাম পায়ের হাঁটুতে গুলি লাগলে সে পড়ে যায়। উজ্জল দৌঁড়ে পালাবার সময় পড়ে যায়। পুলিশ বাকিদের গ্রেপ্তার করতে পারেনি।”
গুলিবিদ্ধ আজিমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং উজ্জলকে থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে ওসি সায়েদুর জানান।
এই দুজনের বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় অবৈধভাবে মাটি কাটার একটি মামলা রয়েছে বলেও জানান তিনি।
এ ঘটনায় আহত পুলিশের ৮ সদস্যকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এরা হলেন- এসআই কায়সার আহমেদ, মোজাম্মেল হক, তাজউদ্দিন আহম্মেদ, এএসআই জয়নাল আবেদীন ও কন্সটেবল মো. রাজ্জাক, মাসুদ, মামুন ও জয়নাল।
