২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদ যাত্রা নির্বিঘ্নে পদক্ষেপ চায় সংসদীয় কমিটি

আসন্ন ঈদ-উল-ফিতরে ঘরমুখো মানুষের সড়ক যাতায়াত নির্বিঘ্নে মন্ত্রণালয়ের পদক্ষেপ চেয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2015, 09:04 PM

Updated : 22 Aug 2022, 12:40 PM

জাতীয় সংসদে কমিটির বৈঠকে বৃহস্পতিবার এই সুপারিশ করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বৈঠকে বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থার (বিআরটিসি) সার্বিক কার্যক্রম পরিদর্শন করে উন্নত সেবা দেওয়ার সুপারিশসহ একটি প্রতিবেদন উপস্থাপনের জন্য ৪ সদস্যের সাব-কমিটি গঠনের সুপারিশ করা হয়েছে।

বৈঠকে মেট্রো রেল প্রকল্পের সার্বিক পরিকল্পনার একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়েছে বলে জানানো হয়।

বৈঠকে সংসদীয় কমিটির চীন ও হংকং সফরের অভিজ্ঞতা অর্জন বিষয়ে এবং মেট্রোরেল প্রকল্পের সার্বিক কার্যক্রমের অগ্রগতির সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। কাজটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার সুপারিশও করেছে কমিটি।

কমিটির সভাপতি মোঃ একাব্বর হোসেনের সভাপতিত্বে বৈঠকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ওবায়দুল কাদের, রেজওয়ান আহম্মদ তৌফিক, নুরুজ্জামান আহমেদ, নাজমুল হক প্রধান, মোঃ মনিরুল ইসলাম এবং লুৎফুন নেছা অংশ নেন।