২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ৫ টন নকল ঘি জব্দ

চট্টগ্রাম নগরীর একটি মার্কেটে অভিযান চালিয়ে পাঁচ টন নকল ঘি জব্দ করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2015, 06:40 PM

Updated : 12 Oct 2022, 03:55 PM

বৃহস্পতিবার দুপুরে নগরীর চাক্তাইয়ের খুইল্ল্যামিয়া মার্কেট এলাকায় ইব্রাহিম নামের একজনের ঘরে এসব ঘি পাওয়া গেলেও কেউ আটক হয়নি।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি সোহেল মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খুইল্ল্যামিয়া মার্কেটে অভিযান চালিয়ে পাঁচ টন নকল ঘি উদ্ধার করা হয়।

অভিযানে থাকা চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিরুল কায়সার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এসব ঘি তৈরিতে উপকরণ হিসেবে ডালডা, কাপড়ের রং, আইকা গাম, নকল ক্ষীর ও কৃত্রিম সুগন্ধি ব্যবহার করা হত।

“বোতলের গায়ে বাঘাবাড়ির আসল ঘি লেখা আছে। স্থানীয় ইব্রাহিম নামের একজন ঘর ভাড়া নিয়ে এ কাজ করত বলে জানতে পেরেছি। তবে ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি।”

উদ্ধার করা ভেজাল ঘি ধ্বংস করতে নগরীর হালিশহরে সিটি করপোরেশনের ডাম্পিং স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে।

এর আগে ২০ জুন নগরীর পাঁচলাইশ থানার টুনু মুন্সির বাড়ি এলাকায় এক বাসা থেকে দুইশ কেজি ভেজাল ঘি জব্দ করে পুলিশ।