স্বাস্থ্যে দুই যুগের মধ্যে সবচেয়ে কম বরাদ্দ গত দুই বছরে
বিগত দুই যুগের মধ্যে গত দুই অর্থবছরেই স্বাস্থ্য খাত সবচেয়ে কম বরাদ্দ পেয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
বৃহস্পতিবার সংসদের প্রশ্নোত্তর পর্বে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ২০১২-১৩ অর্থ বছরে জাতীয় বাজেটের ৪ দশমিক ৮২ শতাংশ এবং ২০১৩-১৪ অর্থ বছরে ৪ দশমিক ৬০ শতাংশ বরাদ্দ দেওয়া হয়েছিল স্বাস্থ্য খাতের জন্য।
আর ১৯৯০-৯১ থেকে ২০১৩-১৪ অর্থ বছরের গড় হিসাবে স্বাস্থ্য খাতে বরাদ্দ ছিল মোট বাজেটের ৬ দশমিক ৫৩ শতাংশ।
এই সময়ে, বাংলাদেশের জাতীয় বাজেটে মোট ১৫ লাখ ৭২ হাজার ৩০২ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে স্বাস্থ্য খাত পেয়েছে ৯১ হাজার ৬৪৭ কোটি ৩২ লাখ টাকা।
আর গত ৪ জুন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১৫-১৬ অর্থবছরের জন্য তিন লাখ কোটি টাকার যে বাজেট প্রস্তাব সংসদে দিয়েছেন, তার ৪.৩ শতাংশ স্বাস্থ্য খাতের জন্য রাখার কথা বলা হয়েছে।
ঢাকা-১ আসনের সাংসদ সালমা ইসলামের প্রশ্নে মন্ত্রী জানান, এই সময়ে স্বাস্থ্যে সবচেয়ে বেশি বরাদ্দ এসেছে ১৯৯৬-৯৭ অর্থ বছরে। সে সময় মোট বাজেটের ৮ দশমিক ৬৬ শতাংশ বরাদ্দ এ খাত পায়।
তিনি বলেন, চট্টগ্রাম জেলায় পরিবার পরিকল্পনা বিভাগ ইতোমধ্যে নিজস্ব অফিসে কাজ শুরু করেছে। রাঙ্গামাটি জেলার কার্যালয় নির্মাণাধীন।
এছাড়া খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, রংপুর, গোপালগঞ্জ, জামালপুর, মাদারীপুর, কক্সবাজার, সিরাজগঞ্জ, কুমিল্লা, বরগুনা, বগুড়া, টাঙ্গাইল, পিরোজপুর এবং পাবনায় পরিবার পরিকল্পনা বিভাগের নিজস্ব ভবন নির্মাণের বিষয়টি প্রক্রিয়াধীন বলে তিনি সংসদকে জানান।
আরেক প্রশ্নের জবাবে স্বাস্থ্য মন্ত্রী জানান, জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতালই দেশে হৃদরোগ চিকিৎসার একমাত্র বিশেষায়িত সরকারি হাসপাতাল।
সরকারদলীয় সাংসদ মো. নুরুল ইসলাম সুজনের প্রশ্নে মন্ত্রী জানান, উপজেলা সদরে আলাদা অত্যাধুনিক শিশু ও চক্ষু চিকিৎসা কেন্দ্র স্থাপনের কোনো পরিকল্পনা সরকারের হাতে নেই।
