২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জনদুর্ভোগ: পানি সঙ্কট গোড়ান-বনশ্রীতে

ভরা বর্ষায় মাঝে-মধ্যে রাজধানীতে অতিরিক্ত জলের ভোগান্তিতে পড়তে হলেও সুপেয় পানির অভাবে দুর্ভোগ পোহাচ্ছেন গোড়ান-বনশ্রীর কিছু আবাসিক এলাকার বাসিন্দারা।

ফয়সাল আতিক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2015, 04:28 AM

Updated : 12 Oct 2022, 03:55 PM

সরবরাহ না থাকায় প্রতিদিনই ওয়াসার পাম্পগুলোতে বড় পাত্র নিয়ে পানি সংগ্রহের জন্য ভিড় জমাতে হচ্ছে তাদের।

পানির স্তর নিচে নেমে যাওয়ায় পাম্পগুলো তা তুলতে পারছে না বলে এই সমস্যা দেখা দিয়েছে বলে ওয়াসা কর্মকর্তারা জানিয়েছেন। 

সরেজমিন ঘুরে দেখা যায়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের নূরবাগ, আদর্শবাগ, নবীনবাগ, উত্তর গোড়ান এবং ৩ নম্বর ওয়ার্ডের মেরাদিয়া কবরস্থান গলির বাসিন্দারা পানি সঙ্কটে রয়েছেন।

পাশের আবাসিক এলাকায় নিরবচ্ছিন্নভাবে পানি সরবরাহ হলেও এসব এলাকায় দিনে মাত্র কয়েক ঘণ্টা ওয়াসার পানি পাওয়া যায়। এ পানি দিয়ে রান্না-বান্না, ধোয়া-মোছাসহ গৃহস্থালির অন্যান্য কাজ সারা সম্ভব হয় না বলে তারা জানিয়েছেন।

দুই মাস ধরে এই সঙ্কট চললেও ওয়াসা তা সমাধানে কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে ভুক্তভোগীদের অভিযোগ।

ঢাকা দক্ষিণের ৩ নম্বর ওয়ার্ডে অবস্থিত মেরাদিয়া কবরস্থান গলির দুই পাশে অর্ধশতাধিক বাসায় গত চার মাস ধরে নিয়মিত ওয়াসার পানি যাচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের।

হিরণ নামে একজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ফেব্রুয়ারি থেকে তাদের লাইনে পানি আসা কমতে শুরু করে। দূরে ওয়াসার পাম্প থেকে বড় পাত্রে পানি এনে প্রয়োজন সারতে হয় তাদের।

এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে ওয়াসা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. মাকসুদ হোসেন। পরে এক সপ্তাহ ওয়াসা ভ্যানে করে পানি সরবরাহ করলেও এক সময় তাও বন্ধ হয়ে যায়।

দুই নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় পানি সঙ্কটের কথা স্বীকার করেছেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আনিসুর রহমান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখানকার পানির স্তর অনেক নিচে নেমে গেছে। সে কারণে কয়েকটি পাম্পে পর্যাপ্ত পানি আসছে না।”

এই সমস্যার বিষয়ে দৈনিক বাংলা মোড়ে অবস্থিত ওয়াসা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আব্দুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বনশ্রী, গোড়ান, খিলগাঁও, বাসাবোসহ কয়েকটি এলাকায় পানির স্তর নিচে নেমে যাওয়ার কারণে পাম্পে পর্যাপ্ত পানি উঠছে না।

“এক সময় এসব পাম্প থেকে মিনিটে ১৮০০ লিটার পানি তোলা গেলেও এখন ৯০০ লিটারও তোলা সম্ভব হচ্ছে না।”

সমস্যা সমাধানে ওয়াসা আরও গভীর কূপ খননের কাজ করছে বলে জানান কাউন্সিলর আনিসুর রহমান।