যমুনার ভাঙন রোধে সিরাজগঞ্জে হবে বাঁধ: পানি সম্পদ মন্ত্রী
যমুনা নদীর ভাঙনের কবলে পড়ে বিলীন হওয়ার পথে থাকা সিরাজগঞ্জের চৌহালী উপজেলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ।
বুধবার সকালে চৌহালীর নদী ভাঙন এলাকা পরিদর্শন শেষে উপজেলার কোদালিয়া দাখিল মাদ্রাসায় এক মতবিনিময় সভায় মন্ত্রী বলেন, “চৌহালী উপজেলা রক্ষায় নদী তীরে ১৫ কিলোমিটার স্থায়ী বাঁধ নির্মাণ করা হবে।
প্রথম পর্যায়ে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার আটাপাড়া থেকে চৌহালী সদর পর্যন্ত পাঁচ কিলোমিটার বাঁধের কাজ আগামী নভেম্বরে শুরু হবে।”
বাঁধের প্রথম পর্যায়ের কাজের জন্য ইতোমধ্যে ১২০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে মতবিনিময় সভায় জানান পানি সম্পদ মন্ত্রী আনিসুল।
চৌহালী উপজেলা প্রশাসন এ মতবিনিময় সভার আয়োজন করে।
যমুনার ভাঙনে গত বছর ইউএনওর কার্যালয়সহ উপজেলা হেড কোর্য়াটার, থানা ভবন এবং স্বাস্থ্য কমপ্লেক্সসহ উপজেলা সদরের পুরো এলাকা যমুনা গর্ভে চলে যায়।
এরপর ইউএনও কার্যালয়সহ অন্যান্য কর্মকর্তার অফিস ও থানার কার্যক্রম চৌহালী ডিগ্রি কলেজের স্থানান্তর করা হয়। আর উপজেলার সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসায় চলছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যক্রম।
এ বছর যমুনায় পানি বাড়ার ফলে নদী তীরবর্তী এলাকার প্রায় ১৭ কিলোমিটার এলাকা জুড়ে নতুন করে শুরু হয়েছে ভাঙন।
এক মাসের ব্যবধানে উপজেলার বাঘুটিয়া, খাষপুকুরিয়া, ওমরপুর ও ঘোরজান ইউনিয়নের প্রায় সাড়ে ছয় শতাধিক ঘরবাড়ি, বিভিন্ন কাঁচাপাকা স্থাপনাসহ কয়েকশ’ একর আবাদি জমি, খাষকাউলিয়া ব্র্যাক মোড় সেতু যমুনায় বিলীন হয়ে যায়।
এছাড়া ছয়টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চৌহালী মহিলা মাদ্রাসার ভবন নদীতে বিলীন হয়ে যাওয়ায় এলাকার শত শত শিক্ষার্থীর শিক্ষা জীবন অনিশ্চিয়তায় পড়েছে।
পানি উন্নয়ন বোর্ড ভাঙনরোধে বালু ভর্তি জিও ব্যাগ ফেলছে।
মতবিনিময় সভায় চৌহালী উপজেলা প্রশাসনের নতুন স্থাপনা নির্মাণে কোদালিয়া এলাকায় নতুন করে জমি অধিগ্রহণের নির্দেশ দিয়ে সরকারিভাবে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাস দেন পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এএইচএম আনোয়ার পাশার সভাপতিত্বে এ সভায় পানি সম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম, সচিব জাফর আহম্মেদ খান, স্থানীয় সংসদ সদস্য আব্দুল মজিদ মণ্ডল ও চৌহালীর ইউএনও রেজাউল বারীসহ অন্যরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভার পর মন্ত্রী চৌহালী ডিগ্রি কলেজের কাঠাল বাগান এলাকায় এক সুধী সমাবেশে বক্তব্য রাখেন।
