২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যক্তি শ্রেণির করহার কমানোর প্রস্তাব তাপসের

ব্যক্তি করহার ও অনুন্নয়ন ব্যয় কমানোর প্রস্তাব করেছেন সরকার দলীয় সংসদ সদস্য ফজলে নূর তাপস।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2015, 09:15 PM

Updated : 22 Aug 2022, 12:39 PM

বাজেটের উপর সাধারণ আলোচনায় বুধবার জাতীয় সংসদে তিনি এ প্রস্তাবনা করেন।

তাপস বলেন, “ব্যক্তি শ্রেণির করের যে সীমা দেওয়া হয়েছে, আমার মনে হয়, এটাকে আরেকটু যৌক্তিকরণের প্রয়োজন রয়েছে।”

কোম্পানি করহারের উপরে ব্যক্তি করহার হতে পারে না বলেও সেসময় জোর মত প্রকাশ করেন তিনি।

“ব্যক্তি সর্বোচ্চ কর রাখা হয়েছে ৩০ ভাগ, যেটা আমাদের মত কোন দেশে নেই। কোম্পানি করহার রাখা হয়েছে সর্বোচ্চ ২৫ ভাগ। কোন দেশে কোম্পানি করহারের উপরে ব্যক্তি করহার হতে পারে না।”

করমুক্ত আয় সীমা ২ লাখ ৫০ হাজার টাকা রাখায় সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, কিন্তু এর পরবর্তী স্তরগুলোকে যৌক্তিকরণ করার প্রয়োজন রয়েছে। তবে কোন ইনকাম গ্রুপকে টার্গেট করা হয়েছে, সেটা স্পষ্ট নয়।

তাপস বলেন, পরবর্তী চার লাখ টাকার জন্য কর রাখা হয়েছে ১০ শতাংশ, তবে এটা কোন ইনকাম গ্রুপ টার্গেট করবে সেটা বোধগম্য নয়।

তিনি সুপারিশ করেন, “২০ হাজার থেকে ৫০ হাজার পর্যন্ত মাসিক আয় যাদের, সেটা ছয় লাখ টাকা হয়, তাদের উপর ৫ শতাংশ ট্যাক্স রাখা হোক। পরবর্তীতে ৫০ হাজার থেকে ১ লাখ টাকা যাদের আয়, সেটা করলে ১২ লাখ টাকা পর‌্যন্ত হয়, সেই ট্যাক্স করা হোক ১০ শতাংশ।

“এক লাখ টাকা থেকে দুই লাখ টাকা যাদের আয় (২৪ লাখ পর্যন্ত), তাদের উপর ১৫ ভাগ আর দুই লাখ থেকে পাঁচ লাখ (৬০ লাখ পর্যন্ত) যাদের আয় তাদের ২০ ভাগ করা হোক।”

যাদের মাসিক আয় পাঁচ লাখের বেশি তাদের ‘অ্যাফ্লুয়েন্ট পিপল’ আখ্যা দিয়ে তাদের উপর ২৫ ভাগ কর রাখার প্রস্তাবও করেন তিনি।

এছাড়া সর্বোচ্চ কর হার ৩০ ভাগ থেকে কমিয়ে ২৫ ভাগ করার অনুরোধ জানান ফজলে নূর তাপস।

প্রস্তাবিত বাজেটে ২ লাখ ৫০ হাজার থেকে ৬ লাখ ৫০ হাজার পর্যন্ত আয়ে ১০ ভাগ, এরপর ১১ লাখ ৫০ হাজার পর‌্যন্ত ১৫ ভাগ, ১৭ লাখ ৫০ হাজার পর‌্যন্ত ২০ ভাগ, ৪৭ লাখ ৫০ হাজার হাজার পর‌্যন্ত ২৫ ভাগ এবং এর চেয়ে বেশি আয়কারীদের ৩০ করের প্রস্তাব করা হয়েছে।

‘অনুন্নয়ন ব্যয়ের লাগাম ধরতে হবে’

অনুন্নয়ন ব্যয় প্রতি বছর লাগামহীনভাবে বৃদ্ধি পাচ্ছে বলেও বাজেট আলোচনায় মত প্রকাশ করেন ফজলে নূর তাপস।

২০১৩-১৪ অর্থবছরে অনুন্নয়ন রাজস্ব ব্যয় ছিলো ১ লাখ ১০ হাজার ৫৬৭ কোটি টাকা এবং ২০১৪-১৫ সালের সংশোধিত বাজেটে ১ লাখ ২৭ হাজার ৩৫১ কোটি টাকা জানিয়ে তাপস বলেন,  অনুন্নয়ন রাজস্ব ব্যয় ১৭ হাজার কোটি টাকা বৃদ্ধি পেয়েছে।

“এ বছর ২০১৫-১৬ অর্থবছরে সেটা ধরা হয়েছে ১ লাখ ৬৪ হাজার ৫৭১ কোটি টাকা ধরা হয়েছে, ৩৭ হাজার কোটি টাকা বৃদ্ধি পেয়েছে। আমি মনে করি, এই লাগমহীনতার ওপর একটু নজর দেয়া প্রয়োজন। লাগাম টেনে ধরা প্রয়োজন।”