সিদ্ধিরগঞ্জ এক্সচেঞ্জের সব টেলিফোন বিকল
এক্সচেঞ্জের পাওয়ার কার্ডে সমস্যা দেখা দেয়ায় বিটিসিএলের সিদ্ধিরগঞ্জ এক্সচেঞ্জের সব টেলিফোন লাইন দুদিন ধরে বিকল রয়েছে।
বুধবার বিকাল পর্যন্ত নারায়ণগঞ্জ সদরের এ এক্সচেঞ্জের আওতায় থাকা টেলিফোনগুলো সচল হয়নি।
সিদ্ধিরগঞ্জ এক্সচেঞ্জের উপ-সহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম জানান, এক্সচেঞ্জের পাওয়ার কার্ডে সমস্যা দেখা দেয়ায় মঙ্গলবার সকাল থেকে সব টেলিফোন বিকল হয়ে পড়েছে।
এর ফলে সরকারি-বেসরকারি অফিসসহ গ্রাহকরা ভোগান্তিতে পড়েছে।
এক্সচেঞ্জের আওতায় মোট ১২৭০টি টেলিফোন লাইন রয়েছে জানিয়ে তিনি বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বুধবার সন্ধ্যার পর টেলিফোন লাইন সচল করা সম্ভব হবে।
এর এক্সচেঞ্জের আওতায় সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিডেজ, র্যাব-১১ এর সদর দপ্তর, পদ্মা ও মেঘনা অয়েলের ডিপোসহ বেশ কয়েকটি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে।
