সিরাজগঞ্জে ট্রেনের ধাক্কায় মা-মেয়ের মৃত্যু
সিরাজগঞ্জ সদর উপজেলায় রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় শিশু সন্তানসহ এক নারীর মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরে সদর উপজেলার বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ের মূলিবাড়ি রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, শহরের কোল গয়লা মহল্লার সাব্বির সেখের মেয়ে মুক্তি খাতুন (২৭) ও তার মেয়ে সাদিয়া (২ মাস)।
মুক্তির দাদা গাজী কামাল সেখ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ডাক্তার দেখানোর জন্য মেয়েকে নিয়ে বাড়ি থেকে বের হয় মুক্তি। মূলিবাড়ি এলাকায় অটোরিকশা থেকে নেমে দ্রুত রেলক্রসিং পার হওয়ার সময় রংপুরগামী রংপুর এক্সপ্রেস মা-মেয়েকে ধাক্কা দেয়।
“আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধারের পর হাসপাতলে নেওয়ার পথে মারা যায়।”
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিরাজগঞ্জ জিআরপি পুলিশের উপ-পরিদর্শক হায়দার আলী জানান, ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর আগেই স্বজনরা লাশ নিয়ে গেছে।
