২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-মস্কো সম্পর্ক ‘জোরদার হচ্ছে’

বাংলাদেশের সঙ্গে রাশিয়ার বিদ্যমান রাজনৈতিক সম্পর্ক ‘নতুন উচ্চতার’ পথে বলে মন্তব্য করেছেন দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী মর্গুলোভ ইগোর ভ্লাদিমিরোভিচ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2015, 05:01 AM

Updated : 12 Oct 2022, 03:55 PM

মঙ্গলবার রাশিয়ার রাজধানী মস্কোয় বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে একথা বলেন তিনি।

উভয় দেশের কূটনীতিক ও সরকারি কর্মকর্তাদের ভিসা অব্যাহতি দিয়ে একটি চুক্তিতে সই করতে রাজি হয়েছে উভয়পক্ষ।

‘দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে’ এই চুক্তি করা হচ্ছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

এতে উভয় দেশের কূটনীতিক ও সরকারি কর্মকর্তারা শুধু পাসপোর্টেই দুই দেশ ভ্রমণ করতে পারবেন।

দ্বিপক্ষীয় বৈঠকে দুই দেশের সম্পর্কের নানা বিষয় নিয়ে আলোচনা হয় এবং বাণিজ্য, অর্থনীতি, গণমাধ্যম, শিক্ষা, বিজ্ঞান, কারিগরি ও প্রতিরক্ষা সহযোগিতায় ঝুলে থাকা চুক্তিগুলো দ্রুত সইয়ের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে অব্যাহত সহযোগিতার জন্য রাশিয়াকে ধন্যবাদ জানান শাহরিয়ার আলম।

Image
মস্কোয় রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী মর্গুলোভ ইগোর ভ্লাদিমিরোভিচের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের দ্বিপক্ষীয় বৈঠক

মস্কোয় রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী মর্গুলোভ ইগোর ভ্লাদিমিরোভিচের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের দ্বিপক্ষীয় বৈঠক

রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ২০১৩ সালের জানুয়ারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাশিয়া সফর দুই দেশের সম্পর্কে ‘নতুন গতি’ এনেছে।

পাবনার রূপপুরে একটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে সহযোগিতা করছে রাশিয়া।

‘রাজনীতি, অর্থনীতি, বাণিজ্য এবং বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে প্রস্তাবিত ইন্টারগভর্নমেন্টাল কমিশন’ নিয়ে আলোচনা করেন দুই দেশের মন্ত্রীরা।

ওই চুক্তি সইয়ের বিষয়ে সরকারের সদিচ্ছার কথা জানানো হয় বাংলাদেশের পক্ষ থেকে।

রুশ-জাপান ইন্টারগভর্নমেন্টাল কমিশনের মতো বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে এই কমিশনের কো-চেয়ার হওয়ার প্রস্তাব করেছে রাশিয়া।