২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগামীতে নগর দারিদ্র্য বাড়বে: ব্র্যাক

আগামী দিনগুলোতে নগর দারিদ্র্য বাড়বে বলে জানিয়েছেন বেসরকারি উন্নয়নমূলক সংস্থা ব্র্যাকের নির্বাহী পরিচালক মুহাম্মাদ মুসা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2015, 10:57 PM

Updated : 22 Aug 2022, 12:39 PM

ব্র্যাকের ‘বার্ষিক প্রতিবেদন -২০১৪’ প্রকাশনা অনুষ্ঠানে মঙ্গলবার তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে মুহাম্মাদ মুসা বলেন, “সামগ্রিকভাবে দারিদ্র্য কমলেও নগর দারিদ্র্যকে গুরুত্ব দিয়ে আমাদের ভবিষ্যতে কাজ করতে হবে। কারণ এক সমীক্ষায় দেখা যায়, ২০৫০ সালে বাংলাদেশে মোট জনসংখ্যা ২২ কোটি হবে।

“এই জনসংখ্যার ৫০ শতাংশই নগরে বসবাস করবে। কারণ নদীভাঙনসহ জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকিতে গ্রাম থেকে শহরে জনসংখ্যার অভিবাসন বাড়বে। সে সঙ্গে বাড়বে নগর দারিদ্র্য।”

মুসা বলেন, শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে নারীরা আগের তুলনায় এগিয়ে এলেও কর্মক্ষেত্রে নারী-পুরুষের বৈষম্য এখনও রয়ে গেছে।

ব্র্যাকের অভ্যন্তরে ও বাইরে নারীর নিয়োগ প্রক্রিয়াকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

অনুষ্ঠানে মূল প্রবন্ধও উপস্থাপন করেন মুসা।

প্রবন্ধে বলা হয়, এমডিজির নির্ধারিত আটটি লক্ষ্যের মধ্যে পাঁচটিতেই ইতোমধ্যে বাংলাদেশ সাফল্য পেয়েছে কিংবা সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। এই সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে ব্র্যাক।

অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহবুব হোসেন বলেন, মাইক্রোফাইন্যান্সের মাধ্যমে উদ্যোক্তা হওয়ার কারণে কৃষি থেকে শ্রমিকরা অন্য পেশায় নিয়োজিত হলেও উন্নত বিশ্বের মতো কৃষিতে যান্ত্রিকীকরণের কারণে সামগ্রিকভাবে উৎপাদন ব্যয় কমে আসবে। আর উৎপাদন ব্যয় কমলে কৃষকরাই লাভবান হবে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে ব্র্যাক অ্যাপের উদ্বোধন করা হয়। সংস্থাটির নিজস্ব কর্মীদের তৈরি এই অ্যাপটির মাধ্যমে এবারের বার্ষিক প্রতিবেদনের ছবি ও ভিডিও দেখা যাবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাকের স্ট্র্যাটেজি-কমিউনিকেশন বিভাগের জ্যেষ্ঠ পরিচালক আসিফ সালেহ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশে যুক্তরাজ্য সরকারের ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ডিএফআইডি) প্রধান সারাহ কুক, অস্ট্রেলিয় হাইকমিশনের ডিপার্টমেন্ট অফ ফরেইন অ্যাফেয়ার্স অ্যান্ড ট্রেডের (ডিএফএটি) কাউন্সিলর ফর ডেভেলপমেন্ট কো-অপারেশন প্রিয়া পাওয়েল প্রমুখ।