‘নিখোঁজ’ স্বর্ণের কারিগরকে পাওয়া গেল হাসপাতালে
পুরান ঢাকার চানখারপুলের ‘নিঁখোজ’ এক স্বর্ণের কারিগরকে সোহরাওয়ার্দী হাসপাতালে খুঁজে পেয়েছে তার পরিবার।
তাঁতিবাজারের শিব মন্দিরের পাশের সুভাষ পাল মার্কেটের দোকানের ওই কারিগরের নাম মনীন্দ্র পাল।
সোমবার দুপুরে ১৫ ভরি সোনাসহ চানখারপুল থেকে রিকশায় নিউ মার্কেটের আমিন জুয়েলার্সে রওনা হওয়ার পর থেকে তার খোঁজ মিলছিল না বলে তার ভাই কমল পাল জানিয়েছেন।
বিকালের পর থেকে ছোট ভাইয়ের খোঁজ না পেয়ে রাতে কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন কমল।
এরপর মঙ্গলবার ভোরে এক পুলিশ কর্মকর্তার ফোনে ভাইয়ের খবর পান বলে কমল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
তিনি বলেন, “ভোরে আদাবর থানার এক পুলিশ কর্মকর্তা ফোন করে জানায় যে আমার ভাই সোহরাওয়ার্দী হাসপাতালে। এরপর তাকে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি।”
ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্বর্ণকার মনীন্দ্র পালকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।”
মনীন্দ্র পালের কী হয়েছিল, অসুস্থতার কারণে তার কাছ থেকে সে বিষয়ে কিছু এখনও জানতে পারেনি তার পরিবার।
পুলিশ কিছু জানতে পেরেছে কি না- তা জানতে কোতোয়ালি থানার ওসি আবুল হাসানের সঙ্গে ফোনে যোগাযোগের জন্য কয়েকবার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
