২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাটারি রিকশা উচ্ছেদে চট্টগ্রামে আবার অভিযান

চট্টগ্রাম নগরীতে ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে আবার অভিযান শুরু করছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2015, 07:22 PM

Updated : 22 Aug 2022, 12:39 PM

বুধবার থেকে এই অভিযান শুরু হবে বলে মঙ্গলবার চট্টগ্রাম মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বন্দর নগরীতে ব্যাটারিচালিত রিকশা চলাচলের জন্য একটি রিট আবেদনে সোমবার সর্বোচ্চ আদালতে খারিজ করে দেওয়ার পর এই সিদ্ধান্ত জানানো হয়।

“বুধবার থেকে ব্যাটারি ও মোটর খুলে রিকশা চলাচল না করলে উচ্ছেদের পাশাপাশি ব্যাটারি ও মোটর জব্দ করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে,” বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।  

গত বছরের ৩ জুলাই ঢাকা-চট্টগ্রামে ব্যাটারিচালিত রিকশা বন্ধের রায় দেয় উচ্চ আদালত। এরপর ৩১ অগাস্ট থেকে বন্দরনগরীতে ব্যাটারি চালিত রিকশার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করে নগর পুলিশ।

রিকশা মালিক ও চালকরা সেসময় আন্দোলন শুরু করেন এবং তখনকার মেয়র মনজুর আলমের বাসভবন ঘেরাও এবং মহাসড়ক অবরোধের মতো কর্মসূচি পালন করেন।

পরে তারা আদালতের রায়ের ওপর স্থগিতাদেশ চাইলে উচ্চ আদালত ছয় মাসের স্থগিতাদেশ দেয়।

স্থগিতাদেশের মেয়াদ শেষ হওয়ার পর চলতি বছর ২৩ মার্চ আবারও অভিযানে নামে পুলিশ। কিন্তু মালিক-শ্রমিকদের বাধার মুখে সেবারও আভিযান বন্ধ হয়ে যায়।

সিটি নির্বাচনের আগে ২৫ এপ্রিল থেকেই আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ আশ্বসের কারণে নগরীতে অবাধে ব্যাটারিচালিত রিকশা চলতে শুরু করে।

গত ১৫ মে আবার উচ্ছেদ অভিযান শুরু করলেও মালিক-শ্রমিকদের আন্দোলনের মুখে তা বন্ধ করতে বাধ্য হয় পুলিশ।