গাড়ির তেলের ট্যাংকে ১২০টি সোনার বার
চট্টগ্রামে একটি প্রাইভেটকারের তেলের ট্যাংকে করে পাচারের সময় ১২০টি সোনার বারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকালে বায়েজিদ থানার রুবি গেইট এলাকায় গাড়িটি আটকানো হয় বলে পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. জাকির, মো. জহির ও মো. ফারুক। তাদের সবার বয়স ২৮ থেকে ৩০ বছরের মধ্যে। তাদের মধ্যে জাকির গাড়িটির চালক।
বায়েজিদ থানার ওসি প্রদীপ কুমার দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রুবি গেইট এলাকায় প্রাইভেটকারটি আটকান তারা।
ওসি জানান, কাপড় দিয়ে দুইটি চিকন কভার তৈরি করে প্রতিটিতে ৬০টি করে মোট ১২০টি বার রাখা ছিল।
গাড়িটি নগরীর হিলভিউ আবাসিক এলাকা থেকে এই সোনার বার ঢাকা যাচ্ছিল বলে জানান তিনি।
নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) পরিতোষ ঘোষ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গাড়িটি আটক করে থানায় নিয়ে আসা হয়। পরে সবার উপস্থিতিতে তেলের ট্যাংকের ভেতর থেকে কভারগুলো বের করা হয়।
উদ্ধার করা বারগুলোর ওজন ১২ কেজি এবং এর বাজার মূল্য ছয় কোটি টাকা বলে জানান তিনি।
ওসি প্রদীপ দাশ বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত বলে জানিয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
