২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউনেস্কোর লিডার্স ফোরামে শেখ হাসিনাকে আমন্ত্রণ

প্যারিসে আগামী নভেম্বরে অনুষ্ঠেয় ইউনেস্কোর উচ্চ পর্যায়ের আলোচনায় যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2015, 04:24 PM

Updated : 22 Aug 2022, 12:39 PM

‘লিডার্স ফোরাম’ মন্ত্রী পর্যায়ের এই আলোচনায় ইউনেস্কোর ভবিষ্যত কর্মপন্থা ঠিক করতে বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে সদস্য দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের পাশাপাশি প্রতিনিধিরা অংশ নেবেন।

পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সোমবার প্যারিসে ইউনেস্কোর সদর দপ্তরে গেলে মহাসচিব ইরিনা বকোভা শেখ হাসিনাকে লিডার্স ফোরামে বক্তব্য দেওয়ার আমন্ত্রণের বিষয়টি জানান।

ফ্রান্সে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, চার দিনের সরকারি সফরে রোববার প্যারিসে পৌঁছান পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী।   

বাংলাদেশের মন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউনেস্কো প্রধান বাংলাদেশের অব্যাহত সহযোগিতায় সন্তোষ প্রকাশ করেন।

ইরিনা বকোভা বাংলাদেশে শিক্ষাক্ষেত্রে লিঙ্গবিভেদ কমিয়ে আনা এবং নারীশিক্ষার অগ্রগতিতে বর্তমান সরকারের রাজনৈতিক সদিচ্ছা এবং নীতিরও প্রশংসা করেন।

এসময় পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের সমুদ্রভিত্তিক অর্থনীতি সক্ষমতা অর্জন এবং সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, উন্নয়নে ইউনেস্কোর আরও সহযোগিতা চান।   

মাহমুদ আলী পরে ফরাসি পার্লামেন্টের পররাষ্ট্র বিষয়ক কমিশনের সভাপতি এলিজাবেথ গিগুর সঙ্গে সাক্ষাৎ করেন।  

কমিশনের সহসভাপতি ও ফ্রান্স-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের সভাপতি অদিল সুগে এসময় উপস্থিত ছিলেন।

সাক্ষাতে পররাষ্ট্রমন্ত্রী সব ধরনের সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর অবস্থানের কথা তুলে ধরেন।  

এ পর্যায়ে মাহমুদ জানুয়ারিতে ম্যাগাজিন শার্লি হেবদু কার্যালয়ে সন্ত্রাসী হামলার ঘটনায় শেখ হাসিনার নিন্দা জানানোর কথা বলেন।

কমিশনের সভাপতি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী ২০১৩ সালে এবং এ বছরের শুরুতে আন্দোলনের নামে বিএনপি-জামায়াতের কার্যকলাপ, বহু মানুষের প্রাণহানি ও অর্থনৈতিক ক্ষতির বিষয়টি তুলে ধরেন।

বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে এবং উন্নয়নের গতি আরও এগিয়ে নিতে ফ্রান্সের সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান মাহমুদ আলী।

দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়নে দুই দেশের মধ্যে পার্লামেন্টারি গ্রুপের সফরের ওপর জোর দেন তিনি।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে ফ্রান্সের বাণিজ্য এবং শিল্প বিষয়ক সংস্থা এমইডিইএফের মাধ্যমে বাণিজ্য প্রতিনিধিদল পাঠানোরও অনুরোধ জানান।

ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শহিদুল ইসলাম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (ইউরোপ) মাহবুব হাসান সালেহসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।