দুর্যোগে পাশে থাকায় বাংলাদেশকে নেপালের কৃতজ্ঞতা
ভূমিকম্পের পর সহায়তার জন্য বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নেপালের সাবেক উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রী সুজাতা কৈরালা।
মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় এ প্রসঙ্গ উল্লেখ করে সুজাতা নেপালের জনগণের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত জানান।
গত ২৫ এপ্রিল রিখটার স্কেলে ৭ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নেপালে আট হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়। ওই ঘটনার পর বাংলাদেশের পক্ষ থেকে ওষুধ এবং খাবার পানির পাশাপাশি চিকিৎসক দল পাঠানো হয়। এছাড়া গৃহহীনদের জন্য পাঠানো হয় তাঁবু।
পরে প্রধানমন্ত্রীর নির্দেশে নেপালের জনগণের জন্য দশ হাজার মেট্রিক টন চাল পাঠানো হয় বাংলাদেশ থেকে।
এছাড়া নেপালের প্রয়োজনে আরও একলাখ মেট্রিক টন চাল পাঠানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী।
ইহসানুল করিম জানান, সাক্ষাৎকালে সুজাতা কৈরালা নেপালে ভূমিকম্পের পর ক্ষয়ক্ষতির চিত্র প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন।
নেপালের সাবেক এই উপ-প্রধানমন্ত্রী বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেন বলে প্রেস সচিব জানান।
“প্রধানমন্ত্রী তাকে বলেন, প্রতিবেশী হিসাবে প্রতিবেশীদের সহায়তা করা বাংলাদেশের দায়িত্ব।”
দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশের অভিজ্ঞতারও প্রশংসা করেন নেপালের পররাষ্ট্র মন্ত্রী।
তিনি বলেন, বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের মধ্যে সড়ক যোগাযোগের জন্য সম্প্রতি স্বাক্ষরিত চুক্তিতে চার দেশই লাভবান হবে।
শেখ হাসিনার উদ্যোগেই এ চুক্তি করা সম্ভব হয়েছে বলে উল্লেখ করেন সুজাতা।
নেপালের ক্ষতিগ্রস্ত গ্রামগুলো পুর্নগঠনে চীনের চেম্বার অফ কমার্স এবং নেপাল সরকার ও স্থানীয় বেসরকারি সংস্থার মধ্যে একটি সমঝোতা চুক্তি হয়েছে বলে তিনি শেখ হাসিনাকে জানান।
চার দেশের মধ্যে যোগাযোগ চুক্তি হওয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও ধন্যবাদ জানান শেখ হাসিনা।
তিনি বলেন, বাংলাদেশের সৈয়দপুর বিমানবন্দর নেপাল ও ভুটান তাদের পণ্য পরিবহনের জন্য ব্যবহার করতে পারবে।
নেপাল কংগ্রেসের কেন্দ্রীয় সদস্য এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রধান সুজাতা কৈরালার সঙ্গে আঞ্চলিক পর্যায়ে জলবিদ্যুৎ উৎপাদন ও বিতরণের সম্ভাবনা নিয়েও আলোচনা হয় প্রধানমন্ত্রীর।
তিনি বলেন, তার সরকারে মূল লক্ষ্য এ অঞ্চলের জনগণের অর্থনৈতিক উন্নয়ন।
অন্যদের মধ্যে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম এবং বাংলাদেশে নেপালের রাষ্ট্রদূত হরি কুমার শ্রেষ্ঠ এ সময় উপস্থিত ছিলেন।
