২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাড়ি আত্মসাৎ: মওদুদের মামলায় অভিযোগ আমলে নেওয়া বৈধ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের বিরুদ্ধে অবৈধভাবে বাড়ি দখল ও আত্মসাতের মামলায় অভিযোগ আমলে নেওয়ার আদেশ বৈধ বলে রায় দিয়েছে হাই কোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সুপ্রিম কোর্ট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2015, 02:38 PM

Updated : 22 Aug 2022, 12:39 PM

অভিযোগ আমলে নেওয়ার বিরুদ্ধে মওদুদের করা আবেদনে এর আগে দেওয়া রুলের ওপর শুনানি শেষে মঙ্গলবার বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের বেঞ্চ রুল খারিজ করে এ রায় দেয়।

আদালতে আবেদনের পক্ষে ব্যারিস্টার মওদুদ আহমদ নিজেই শুনানি করেন। দুদকের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী খুরশীদ আলম খান।

রায়ের পর দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রায় দিয়ে আদালত বলেছে মামলায় অভিযোগ আমলে নেওয়ার আদেশ বৈধ। ফলে মামলা চলতে বাধা নেই।”

অন্যদিকে মওদুদ বলেন, তিনি এর বিরুদ্ধে আপিল করবেন।

অবৈধভাবে বাড়ি দখল ও আত্মসাতের অভিযোগে ২০১৩ সালের ১৭ ডিসেম্বর রাজধানীর গুলশান থানায় মওদুদ ও তার ভাই মনজুর আহমদের বিরুদ্ধে দুদক এই মামলা দায়ের করে।

গতবছর ২৬ মে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা। ওই বছরের ১৪ সেপ্টেম্বর ঢাকার জ্যেষ্ঠ বিশেষ আদালতের বিচারক শুনানি শেষে অভিযোগপত্র আমলে নেন। 

অভিযোগে বলা হয়, গুলশানের যে বাড়িটিতে মওদুদ আহমদ ও তার পরিবার থাকছেন, তার প্রকৃত মালিক ছিলেন পাকিস্তানি নাগরিক মো. এহসান। ১৯৬০ সালে তৎকালীন ডিআইটির কাছ থেকে এই বাড়ির মালিকানা এহসান ‘লাভ করেন’। ১৯৬৫ সালে বাড়ির মালিকানার কাগজপত্রে এহসানের পাশাপাশি তার স্ত্রী অস্ট্রেলীয় নাগরিক ইনজে মারিয়া প্লাজের নামও অন্তর্ভুক্ত হয়।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে এহসান স্ত্রীসহ ঢাকা ত্যাগ করেন। তারা আর ফিরে না আসায় ১৯৭২ সালে এটি পরিত্যক্ত সম্পত্তির তালিকাভুক্ত হয়।

এরপর ১৯৭৩ সালের ২ অগাস্ট মওদুদ তার ইংল্যান্ডপ্রবাসী ভাই মনজুরের নামে একটি ভুয়া আমমোক্তারনামা তৈরি করে বাড়িটি সরকারের কাছ থেকে বরাদ্দ নেন বলে এ মামলার অভিযোগ।

মওদুদ অভিযোগ আমলে নেওয়ার আদেশের বিরুদ্ধে হাই কোর্টে ‘ফৌজদারি রিভিশন’ আবেদন করে। শুনানি নিয়ে গত ৫ মে হাই কোর্ট রুল দেয়।

রুলে বিচারিক আদালতের ওই আদেশ কেন বাতিল ঘোষণা করা হবে না- তা ১০ দিনের মধ্যে দুদক ও রাষ্ট্রপক্ষকে জানাতে বলা হয়।

সেই রুলের ওপর শুনানি শেষে আদালত ২৩ জুন রায়ের দিন ঠিক করে দেয়। এর ধারাবাহিকতায় মঙ্গলবার আদালত আবেদন খারিজ করে (রুল ডিসচার্জ) করে রায় দেয়। 

খুরশীদ আলম জানান, মওদুদ তার আবেদনে দুটি যুক্তি দিয়েছিলেন। একটিতে তিনি বলেছেন, বিচারিক আদালত অভিযোগ আমলে নিলেও কেন নিলেন তার কোনো কারণ উল্লেখ করেননি। অন্যটিতে বলা হয়, অভিযোগ আমলে নিতে হলে বিচারকের সন্তুষ্ট হতে হবে, কিন্তু তার কোনো উল্লেখও ওই আদেশে নেই।

“আমি নজীর দেখিয়েছি, বলেছি অভিযোগ আমলে নেওয়া সঠিক আছে। সন্তুষ্টি নির্ভর করে বিচারকের বিবেচনামূলক ক্ষমতার ওপর। এখানে বিচারকের সন্তুষ্টি আছে। কাজেই এখানে আইনের কোনো ব্যত্যয় ঘটেনি, আমলে নেওয়ার আদেশও সঠিক।”

মওদুদ বলেন, “অবশ্যই আপিল করব। ১৬টি নজির উল্লেখ করেছি আমার পক্ষে। তাদের পক্ষে একটিও নাই। তারপরও যে রায়টি হয়েছে তা আগের ১৬টি সিদ্ধান্তের পরিপন্থি।”  

পুরনো খবর:

বাড়ি আত্মসাত: মওদুদের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ
দুনীতির মামলা: মওদুদের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়া প্রশ্নে রুল