গাজীপুরে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে ডাকাত’ নিহত
গাজীপুর শহরে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন এক ব্যক্তি, যাকে ডাকাতদলের সদস্য বলে দাবি করা হয়েছে।
র্যাব বলছে, নিহত মামুন মিয়া (২৮) টঙ্গী এলাকার ‘শীর্ষ সন্ত্রাসী’। টঙ্গী থানায় তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে সাতটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
র্যাব বন্দুকযুদ্ধে নিহতের কথা বললেও মামুনকে রোববার রাতে টঙ্গীর আরিচপুর এলাকায় টিভিতে ক্রিকেট খেলা দেখার সময় সাদা পোশাকের কয়েকজন এসে মারধর করে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায় বলে অভিযোগ করেছেন তার এক বন্ধু।
নিহত মামুন ঢাকার উত্তরায় তৈরি পোশাকের স্টক লটের ব্যবসা করতেন। থাকতেন টঙ্গীর মধ্য আরিচপুরের আনারকলি সিনেমা হলের পেছনের এলাকায়। তার বাবার নাম রুহুল আমিন।
র্যাব-১ এর অপারেশন অফিসার মুহিত কবির সেরনিয়াবাত বলেন, মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে গাজীপুর শহরের হায়দরাবাদে টঙ্গী-কালীগঞ্জ সড়কে টহলের সময় র্যাবের মাইক্রোবাসের গতিরোধ করে একটি সশস্ত্র দল।
“এ সময় পেছন থেকে র্যাবের আরেকটি টহলদল পিকআপ নিয়ে ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতরা গুলি শুরু করে। র্যাব সদস্যরাও পাল্টা গুলি চালালে ডাকাতদল পালিয়ে যায়। পরে সেখানে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।”
পরে মামুনের লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় র্যাব। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলিসহ একটি ম্যাগজিন ও দুটি চাপাতি উদ্ধার করা হয় বলে মুহিত কবির জানান।
এই র্যাব কর্মকর্তা বলছেন, ‘বন্দুকযুদ্ধে’ আলাউদ্দিন ও আমিনুল ইসলাম নামে র্যাবের দুই সদস্যও আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. আব্দুস সালাম সরকার জানান, ভোর ৫টার দিকে র্যাব সদস্যরা মৃত এক যুবককে হাসপাতালে নিয়ে আসেন। তার বুকে দুটি এবং পেটের বাঁ দিকে একটি গুলির চিহ্ন ছিল।
নিহতের বড় বোন মমতাজ বেগম অভিযোগ করেন, রোববার বিকালে একজনের ফোনে ইফতারের দাওয়াত পেয়ে মামুন বাসা থেকে বের হন। পরে রাত ১১টার দিকে কে বা কারা মামুনকে মারধর করে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায় তারা জানতে পারেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মমতাজ বলেন, মামুনকে তুলে নিয়ে যাওয়ার বিষয়ে তারা সোমবার দুপুরে টঙ্গী থানায় সাধারণ ডায়েরি করতে গেলে পুলিশ আরও একদিন দেখে নেওয়ার পরামর্শ দেয়। এরপর মঙ্গলবার সকালে গুলিবিদ্ধ অবস্থায় মামুনকে হাসপাতালে রেখে যায় র্যাব।
নিহতের বন্ধু বিপ্লব দাবি করেছেন, তার সামনেই মামুনকে কালো রংয়ের একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়া হয়।
বিপ্লব বলছেন, রোববার রাতে টঙ্গীর মধ্যআরিচপুর এলাকায় তাদের বাসার পাশেই রবি কাস্টমার কেয়ার সেন্টারে বসে মামুন, কামাল, জিয়া ও কাস্টমার কেয়ারের মালিক রিংকুসহ কয়েকজন বসে টিভিতে ক্রিকেট খেলা দেখছিলেন।
রাত ১০টার দিকে কয়েকজন এসে কেয়ার সেন্টারে ঢোকে এবং কোনো কিছু না বলেই মারধর শুরু করে। এরপর ‘প্রশাসনের লোক’ পরিচয় দিয়ে তারা মামুনকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।
জিডি নিয়ে মামুনের বোনের অভিযোগের বিষয়ে জানতে চাইলে টঙ্গী থানার ওসি মোহাম্মদ আলী বলেন, “এ যাবৎ কেউ জিডি করতে আমার কাছে এসে ফেরত যায়নি। এ ব্যাপারে কেউ জিডি করতে এসেছিল এমন তথ্য জানা নাই।”
