২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ক্ষমতাসীন আওয়ামী লীগের ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2015, 11:03 AM

Updated : 12 Oct 2022, 03:54 PM

পুরনো খবর:

প্রতিষ্ঠাবার্ষিকীতে নানা কর্মসূচি আওয়ামী লীগের

নানা কর্মসূচির মধ্য দিয়ে মঙ্গলবার এ দিনটি পালন করছে বাংলাদেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগ।

সূর্যোদয়ের ক্ষণে কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা তোলার মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।

কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল সাড়ে ৯টায় ধানমন্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

শেখ হাসিনা প্রথমে সরকার প্রধান হিসাবে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে কিছুক্ষণ নীরবে দাড়িয়ে থাকেন।

এরপর দলীয় সভানেত্রী হিসাবে দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু ও তোফায়েল আহমদ, সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, ওবায়দুল কাদের ও সাহারা খাতুনসহ কেন্দ্রীয় নেতাদের নিয়ে ফুল দেন শেখ হাসিনা।

পরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশনের পর ওড়ানো হয় পায়রা ও বেলুন।

দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এ সময় বলেন, “৬৬ বছরের ঐতিহ্য নিয়ে আওয়ামী লীগ এগিয়ে যাচ্ছে। আমাদের লক্ষ্য বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ করা।”

পরে আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।

বিকাল ৩টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আলোচনা সভা হবে।

১৯৪৯ সালের ২৩ জুন পুরান ঢাকার কে এম দাস লেনের রোজ গার্ডেনে আত্মপ্রকাশ ঘটে আওয়ামী লীগের।

প্রতিষ্ঠার পর থেকে রাজনৈতিক সংগ্রাম, যুক্তফ্রন্ট গঠন ও ১৯৫৪ সালের নির্বাচনে বিজয়সহ বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে ৫০ এর দশকেই আওয়ামী লীগ হয়ে ওঠে পূর্ব পাকিস্তানের প্রধান রাজনৈতিক শক্তি।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘসময় এই দলটি সামরিক শাসনবিরোধী আন্দোলন করে তখনকার পূর্ব পাকিস্তানের জনগণের মধ্যে আস্থার স্থান তৈরি করে। ১৯৬৬ সালে ছয় দফা দেন বঙ্গবন্ধু, যাকে বাঙালির মুক্তির সনদ নামে অভিহিত করা হয়। ছয় দফার ভিত্তিতেই ৭০ এর নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করে।

এরপর ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনী আক্রমণ শুরু করলে আওয়ামী লীগের নেতৃত্বেই শুরু হয় মুক্তিযুদ্ধ। কারাবন্দি বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের পর বিশ্ব মানচিত্রে অভ্যূদয় ঘটে বাংলাদেশের।