ব্রিটিশ কাউন্সিলের ধানমণ্ডি শাখায় ‘ই-লার্নিং’ শুরু
সর্বশেষ তথ্য প্রযুক্তি নিয়ে নতুন করে চালু হলো বাংলাদেশে বৃটিশ কাউন্সিলের সবচেয়ে বড় শিক্ষাদান কেন্দ্র, যা সাধারণভাবে বৃটিশ কাউন্সিলের ধানমণ্ডি শাখা নামে পরিচিত।
সোমবার সকালে ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূত রবার্ট গিবসন ফিতা কেটে নতুন কলেবরে ‘ই-লার্নিং সেন্টার’ উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা সচিব নজরুল ইসলাম খান ও অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের পরিচালক বারবারা উইকহ্যাম।
লিখিত বক্তব্যে গিবসন বলেন, ব্রিটিশ কাউন্সিল বিশ্বে শীর্ষস্থানীয় ‘সাংস্কৃতিক সম্পর্ক সংঘ’ এবং ইংরেজি ভাষা হচ্ছে যুক্তরাজ্যের প্রধান সাংস্কৃতিক অনুষঙ্গ।
“আমি মনে করি, ধানমণ্ডির এই শিক্ষাদান কেন্দ্র ইংরেজি ভাষা শিক্ষাদানে সেরা দৃষ্টান্ত সৃষ্টি করবে এবং উদ্ভাবনী হয়ে উঠবে। আমি আশা করি, শিক্ষার্থীরা আধুনিক শ্রেণিকক্ষ ও শিক্ষণীয় প্রযুক্তি সেবা উপভোগ করবে; তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে তা মুখ্য নিয়ামক হয়ে উঠবে।”
ই-লার্নিং সেন্টারের উদ্বোধনীর আগে ‘প্রি-ইন্টারমেডিয়েট’ নামে একটি কোর্সের ক্লাসে অংশ নেন অতিথিরা।
কোর্স টিচার তামিয়া মনসুরের পরিচালনায় একটি ক্লাসের অংশ বিশেষের পর শিক্ষার্থীরা অতিথিদেরকে বিভিন্ন প্রশ্ন করেন।
গতানুগতিক হোয়াইট বোর্ডের পরিবর্তে তামিয়া মনসুর তার ওই ক্লাসে মাইক্রোসফট-৩ ট্যাব ও এলইডি প্রজেক্টর ব্যবহার করেন।
“শিক্ষার্থীরা সেখানে কেন্দ্রীয় সার্ভারের রিসোর্স ব্যবহার করতে পারবেন, সেলফ অ্যাসেসমেন্ট পরীক্ষা দিতে পারবেন। শিক্ষকরা সেটা রিভিউ করতে পারবেন।”
এই আধুনিকায়নের এক পর্যায়ে ‘আইইএলটিএস’ পরীক্ষাও কম্পিউটার ভিত্তিক হয়ে যাবে বলে জানান মাসুদ আনোয়ার।
আধুনিক শিক্ষাদান কেন্দ্র উদ্বোধনের পাশাপাশি ‘আইইএলটিএস প্রিমিয়ার’ নামে একটি পরীক্ষা-পূর্ব কোর্স চালুর ঘোষণাও দেওয়া হয়।
ব্রিটিশ কাউন্সিলের মার্কেটিং অ্যান্ড প্রোমোশন ম্যানেজার শাকিলা আজিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্বল্প সময়ে ভালো স্কোরপ্রত্যাশীদের জন্য এই কোর্স চালু করা হয়েছে। বরাবরের মতো এই কোর্সের দৈর্ঘ্যও দুই মাস।
“বাংলাদেশে এটা প্রথম চালু হলো, এই দেশে ব্রিটিশ কাউন্সিলের অন্য কোনো কেন্দ্রে এই কোর্স নেই।”
তিনি জানান, এর আগে ব্রিটিশ কাউন্সিল ফুলার রোড ও উত্তরা কেন্দ্রে আধুনিক ক্লাসরুম চালু রয়েছে। উত্তরা কেন্দ্রটি নতুনভাবে অংশীদারিত্বের ভিত্তিতে তার্কিশ হোপ স্কুলের ক্যাম্পাসে চালু হয়েছে।
সোমবারের এই অনুষ্ঠান নিয়ে এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, জাতীয়ভাবে মানসম্মত ইংরেজি কোর্সের ক্রমবর্ধমান চাহিদা পূরণে সেবাবৃদ্ধিতে ব্রিটিশ কাউন্সিল অঙ্গীকারবদ্ধ। এই লক্ষ্যে কূটনৈতিক জোনে নতুন কেন্দ্র চালুর পাশাপাশি সিলেট ও চট্টগ্রামে নতুন শিক্ষা সেবা চালু করা হবে।
যু্ক্তরাজ্যের রয়্যাল চার্টার অনুসারে শিক্ষা ও সাংস্কৃতি বিষয়ক আন্তর্জাতিক দাতব্য সংস্থা হিসাবে ব্রিটিশ কাউন্সিল ১০০টিরও বেশি দেশে কার্যক্রম পরিচালনা করছে। ঢাকার তিনটি কেন্দ্রের বাইরে চট্টগ্রাম ও সিলেটে কার্যক্রম রয়েছে।
