যোগে শান্তি, ঐকতান বিশ্বে
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও প্রথমবারের মতো পালিত হলো আন্তর্জাতিক যোগ দিবস।
‘সামঞ্জস্য ও শান্তির জন্য যোগ’ প্রতিপাদ্য নিয়ে রোববার দিবসটি পালিত হয়।
বাংলাদেশে এই দিবসের মূল উদযাপন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও যোগব্যায়াম চর্চাকারীরা জানালেন, কীভাবে যোগ ব্যায়াম পারে ব্যক্তিজীবনের নানা শারীরিক-মানসিক অস্থিরতাকে কাটিয়ে পুরো প্রকৃতির সঙ্গে ঐকতানে মিশে যাওয়া যায়।
জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক যোগ দিবসের মূল ধারণাটি আসে যোগব্যায়ামের আতুড়ঘর ভারত থেকেই।
২০১৪ সালের ২৭ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে আন্তর্জাতিক যোগ দিবসের সুপারিশ জানান ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
২০১৪ সালের ১১ ডিসেম্বর জাতিসংঘের ১৭৭টি সদস্য রাষ্ট্রের সর্বসম্মতিক্রমে ২১ জুন তারিখটিকে আন্তর্জাতিক যোগ দিবস পালনের প্রস্তাব গ্রহণ করা হয়। এর মধ্যে দিয়ে জাতিসংঘের সব সদস্যদের ভোটে সুপারিশ পাস হওয়ার রেকর্ডটিও গড়ে এ দিবসটি।
ঢাকায় রোববার এ দিবসের মূল আয়োজনটি হয় শাহবাগে জাতীয় জাদুঘর মিলনায়তনে। আয়োজনে ছিল বাংলাদেশে ভারতীয় হাই কমিশন, সহযোগিতায় জাতিসংঘ ও বাংলাদেশ যোগ অ্যাসোসিয়েশন।
অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ভিডিও বার্তাও প্রচার করা হয়।
ভিডিও বার্তায় ভারতীয় প্রধানমন্ত্রী বলেন, “পৃথিবীর সব রাষ্ট্র এখন নিজেকে একা মনে করে, তেমনি প্রতিটি মানুষও নিজেকে একা মনে করে। যোগের মাধ্যমে মানুষের একাকীত্ব দূর করা সম্ভব, তাতে মানুষ একইসঙ্গে অপর মানুষের প্রতি যে ঐকতান অনুভব করবে, তেমনি প্রকৃতি ও বিশ্বের বিষয়েও আরও সচেতন হয়ে উঠবে।
“যোগের মাধ্যমে মানুষের ব্যক্তিগত একাকিত্ব দূর হবে। এবং ব্যক্তিগত একাকীত্ব দূর করা সম্ভব হলেই সমাজের একাকিত্ব দূর হবে, এবং এর মধ্যে দিয়ে সমগ্র মানবজাতির একাকীত্ব দূর হবে।”
অনুষ্ঠানে গওহর রিজভীও বলেন, “ভারত বিশ্বকে যা কিছু শ্রেষ্ট উপহার দিয়েছে, তার মধ্যে অন্যতম যোগসাধনা। যারা যোগসাধনাকে কোনো ধর্মের উপাসনার সঙ্গে মিলিয়ে থাকেন তাদের জানা উচিৎ, বেদগ্রন্থের জন্মের বহু আগে ভারতবর্ষেই চার থেকে পাঁচ হাজার বছর আগে এর জন্ম।
“ভারতবর্ষে এর জন্ম বলেই, এবং ভারতের ঐতিহ্যের সঙ্গে বাংলাদেশের গভীর ঐতিহ্যগত সম্পর্ক রয়েছে বলেই, আমি একজন বাংলাদেশি হিসেবে গর্ব বোধ করছি যে সারাবিশ্বে আজ আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হচ্ছে।”
বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক ও ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি রবার্ট ডি ওয়াটকিসন বলেন, “যোগ ব্যায়ামের শুধু মানসিক ও আত্মিক উপকারিতা রয়েছে তা নয়, শারীরিক সুস্থতার জন্যও এ সাধনা উপকারী। ব্যক্তিগতভাবে যোগসাধনার মাধ্যমে আমার শারীরিক অসুস্থতার (ব্যাকপেইন) প্রতিকার পেয়েছি, এবং তার সঙ্গে আরো যা উপকার পেয়েছি তাতে আমি যোগসাধনার আধ্যাত্মিক দিকটির বিষয়েও সচেতন হয়েছি।”
অনুষ্ঠানে যোগব্যায়ামে বিভিন্ন আসন ও কসরৎ প্রদর্শন করেন ভারতীয় হাই কমিশনের ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের যোগব্যায়াম কোর্সের শিক্ষার্থী এবং বাংলাদেশ যোগ অ্যাসোসিয়েশনের সদস্যরা।
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে গত দু’মাস ধরেই সারা দেশজুড়ে বিভিন্ন আয়োজন করে আসছে ভারতীয় হাই কমিশন। এর মধ্যে ছিল যোগ বিষয়ক বক্তৃতা ও সেমিনার, আলোকচিত্র প্রদর্শনীসহ যোগব্যায়াম কর্মশালাও।
