চট্টগ্রামে আট বিক্রেতাকে জরিমানা
মূল্য তালিকা না টাঙিয়ে বেশি দামে পণ্য বিক্রি এবং ওজনে কম দেওয়ায় চট্টগ্রামে আট বিক্রেতাকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত নগরীর চকবাজার ও মমিন রোডে এ জরিমানা করে বাজার মনিটরিংয়ের জন্য গঠিত জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে দেওয়া জেলা প্রশাসনের নির্বাহী হাকিম হাবিবুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিভিন্নভাবে ক্রেতাদের ঠকানোয় মোট আটজনকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বেশি দামে সবজি বিক্রি করায় চকবাজারের বিক্রেতা মফিজকে পাঁচ হাজার টাকা এবং ওজনে কম দেওয়ায় একই এলাকার মুরগি ব্যবসায়ী মিজানকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অন্যদিকে মূল্য তালিকা না লাগিয়ে বেশি দামে পণ্য বিক্রি করায় মমিন রোডের মুদি দোকানি সোহেল রানা ও কুতুব উদ্দিনকে পাঁচ হাজার করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
একই এলাকায় ওজনে কম দেওয়ায় মুরগি ব্যবসায়ী শামিমকে ১০ হাজার টাকা, মুন্নাকে পাঁচ হাজার টাকা, মফিজকে পাঁচ হাজার টাকা ও রুবেলকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
