সাংসদপুত্র রনিকে ফের রিমান্ডে চায় পুলিশ
ঢাকায় গভীর রাতে গুলি চালিয়ে দুজনকে হত্যায় জিজ্ঞাসাবাদের জন্য সাংসদপুত্র বখতিয়ার আলম রনিকে ফের রিমান্ডে চেয়ে আবেদন করেছে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের এসআই দীপক কুমার দাস রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে রনিকে সাতদিনের হেফাজতে চেয়ে আবেদন করেন।
তবে আসামি উপস্থিত না থাকায় তার উপস্থিতিতে আগামী ২৪ জুন রিমান্ড আবেদনের শুনানির দিন রেখেছেন মহানগর হাকিম আমিনুল হক।
এ মামলায় চার দিনের রিমান্ড শেষে বর্তমানে কাশিমপুর কারাগারে আছেন আওয়ামী লীগের সাংসদ পিনু খানের ছেলে রনি।
গত ১৩ এপ্রিল রাত পৌনে ২টার দিকে রাজধানীর নিউ ইস্কাটনে একটি কালো রঙের প্রাডো গাড়ি থেকে এলোপাতাড়ি গুলি ছুড়লে তাতে অটোরিকশাচালক ইয়াকুব আলী ও রিকশাচালক আবদুল হাকিম নিহত হন।
এ ঘটনায় নিহত হাকিমের মা মনোয়ারা বেগম অজ্ঞাত পরিচয় কয়েকজনকে আসামি করে ১৫ এপ্রিল রাতে রমনা থানায় একটি মামলা দায়ের করেন। পরে মামলাটির তদন্তভার গোয়েন্দা পুলিশের হাতে আসে।
এই ঘটনায় জড়িত অভিযোগে গত ৩১ মে মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পিনু খানের ছেলে রনি ও তার গাড়িচালক ইমরান ফকিরকে গ্রেপ্তার করা হয়।
আদালতের অনুমতি মেলার পর গত ৯ জুন রনিকে চার দিনের রিমান্ডে নেয় মহানগর গোয়েন্দা পুলিশ।
ওই রাতে যানজটে আটকে রনি গুলি ছুড়েছিলেন বলে তার গাড়িচালক ইমরান এবং ঘটনার সময় গাড়িতে থাকা রনির বন্ধু কামাল মাহমুদ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেছেন।
এছাড়া ওই সময় গাড়িতে থাকা রনির আরেক বন্ধু টাইগার কামালও পুলিশের কাছে ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়েছেন বলে গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম জানিয়েছেন।
৪২ বছর বয়সী রনির পিস্তলের গুলিতেই যে ওই জোড়া খুনের ঘটনা ঘটেছে,তা পরীক্ষা করে নিশ্চিত হয়েছে পুলিশ।
গোয়েন্দা কর্মকর্তা মনিরুল শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেন, “সিআইডির ব্যালাস্টিক পরীক্ষায় দেখা গেছে,ভিকটিমদের গায়ে পাওয়া গুলি ও রনির পিস্তল একই ক্যালিবারের। রনির পিস্তলের গুলিতেই জোড়া খুন হয়েছে।”
এ মামলায় রনিকে একাই আসামি করা হবে জানিয়ে শুক্রবার বিকালে মনিরুল জানান,হত্যাকাণ্ডে দোষ স্বীকার করে রনি আদালতে জবানবন্দি দিবেন কি না সে বিষয়টি তার কাছে জানা হবে।
এরপর তাকে নতুন করে রিমান্ডে পেতে আদালতে আবেদন করলেন মামলার তদন্ত কর্মকর্তা।
