পুকুরে মা-ছেলের লাশ
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় পুকুর থেকে এক গৃহবধূ ও তার শিশুপুত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ, যাদের নির্যাতনের পর ওই পুকুরে ফেলে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।।
রোববার দুপুরে উপজেলার আদশা এলাকার একটি পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন, ওই গ্রামের রাসেল হাজীর স্ত্রী ফাতেমা বেগম (২২) ও তাদের ছেলে ফুয়াদ (১০ মাস)।
এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে রাসেল ও তার পরিবারের সদস্যরা।
ফাতেমার পরিবারের বরাত দিয়ে ফরিদগঞ্জ থানার ওসি নাজমুল হক জানান, দুই বছর আগে ঢাকার বঙ্গবাজারের কাপড়ের ব্যবসায়ী রাসেলের সঙ্গে ফাতেমার বিয়ে হয়। বিয়ের পর থেকেই পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের ঝগড়া-বিবাদ হত।
ওসি বলেন, “রোববার ভোর রাতেও তাদের ঝগড়া হয়। এক পর্যায়ে ফাতেমা ও তার ছেলেকে নির্যাতন করে পুকুরে ফেলে রাখে শ্বশুর বাড়ির লোকজন। দুপুরে স্থানীয়রা পুকুরে মা ও সন্তানের লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়।”
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী রাসেলের বাড়িতে হামলা-ভাংচুর ও অগ্নিসংযোগ করে।পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে বলে জানান ওসি।
