নোয়াখালীতে গুলি করে ১৪ লাখ ছিনতাই
নোয়াখালীতে ‘বিকাশ’ এর দুই কর্মীকে গুলি করে ১৪ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
শনিবার দুপুর সদর উপজেলার ধর্মপুর গ্রামের হাজীরহাট বাজারে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ রুহুল আমিন (২৬) উপজেলার উত্তর লক্ষ্মীপুর গ্রামের সিরাজ মিয়ার ছেলে এবং সোহেল (২৪) একই গ্রামের হোসেন সওদাগরের ছেলে।
তাদের নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিকাশের নোয়াখালী অফিসের সুপারভাইজার মো. হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, দুপুর দেড়টার দিকে বিকাশের স্থানীয় দুই এজেন্ট রুহুল আমিন ও সোহেল ব্যাংকে জমা দেওয়ার জন্য ১৪ লাখ টাকা নিয়ে মোটর সাইকেলযোগে ধর্মপুর থেকে মাইজদী রওনা হন।
তারা হাজীরহাট বাজারে পৌঁছুলে তিনটি মোটর সাইকেলযোগে ৭/৮ দুর্বৃত্ত গতিরোধ করে টাকা ছিনতাইয়ের চেষ্টা চালায়।
এতে বাধা দিলে দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে ব্যাগের মধ্যে থাকা ১৪ লাখ টাকা ছিনিয়ে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাদের নোয়াখালী সদর হাসপাতালে নিয়ে যায় বলে জানান তিনি।
এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান সুধারাম থানায় ওসি আনোয়ার হোসেন।
