বাড়ির পথে মিয়ানমার ফেরত ৩৭ বাংলাদেশি
মিয়ানমারের জলসীমায় পাচারকারীদের নৌকা থেকে উদ্ধার হওয়ার পর দেশে ফেরত আসা ৩৭ বাংলাদেশি কক্সবাজার থেকে নিজেদের বাড়ির উদ্দেশ্যে যাত্রা করেছেন।
কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুস সোবহান জানান, শনিবার বিকাল ৩টার দিকে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র থেকে তারা নিজ নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন।
৩৭ জনের মধ্যে ৩৩ জনকে যাতায়াত ও অন্যান্য আনুষঙ্গিক খরচের জন্যে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। তারা নিজেদের উদ্যোগে বাড়ির পথে রওনা হয়েছে।
আর অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় বাকি চারজনকে রেড ক্রিসেন্ট ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মাধ্যমে স্বজনদের কাছে হস্তান্তর করা হচ্ছে বলে জানান আব্দুস সোবহান।
আইওএম বাড়ি ফিরতে সবাইকে আর্থিক সহায়তা দিয়েছে জানিয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বলেন, অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় চারজনকে শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়।
“এরপর জেলার জ্যেষ্ঠ বিচারকি হাকিম শফি আলম এ চারজনকে অভিভাবকের কাছে পৌঁছে দিয়ে আদালতকে অবহিত করার নির্দেশ দেন।”
গত ২১ মে মিয়ানমার উপকূলে পাচারকারীদের একটি নৌকা থেকে ২০৮ জনকে উদ্ধারের পর এর মধ্যে ২০০ জন বাংলাদেশি রয়েছে বলে দাবি করে মিয়ানমার। তাদের মধ্যে ১৫০ জনের পরিচয় যাচাই করে গত ৮ জুন তাদের দেশে ফিরিয়ে আনে বিজিবি।
এরপর আরও ৩৭ জনের জাতীয়তা সম্পর্কে নিশ্চিত হয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত দিয়ে শুক্রবার তাদের ফিরিয়ে আনা হয়। তাদের কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র রাখা হয়েছিল।
এই ৩৭ জনের মধ্যে হবিগঞ্জের ১১ জন, কিশোরগঞ্জের আটজন, বগুড়ার সাতজন, সিরাজগঞ্জের পাঁচজন, সুনামগঞ্জের চারজন এবং মাদারীপুর ও জামালপুরের একজন করে রয়েছেন।
বাড়ি ফেরার সময় কিশোরগঞ্জের সবুজ মিয়ার সঙ্গে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধির কথা হয়। তিনি অষ্টগ্রাম উপজেলার আব্দুল্লাপুর গ্রামের মো. কালা মিয়ার ছেলে।
সবুজ বলেন, “এলাকার এক দালালের মাধ্যমে সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যেতে গিয়ে জীবনটাই হারিয়ে যাচ্ছিল। কেউ যেন আমার মতো এমন ভুল পথে পা না-বাড়ায়।
“নিশ্চিত মৃত্যুর দুয়ার থেকে যেন নতুন জীবন ফিরে পেয়েছি। বাবা-মায়ের কাছে ফিরতে পারছি, এটা স্বপ্নের মতো মনে হচ্ছে।”
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মোহাম্মদ শামীম জানান, এলাকায় দিনমজুরি করতেন। এলাকার এক দালাল মালয়েশিয়া গিয়ে প্রতি মাসে হাজার হাজার টাকা রোজগারের প্রলোভন দেখাত।
একদিন কাউকে না জানিয়ে অনেক স্বপ্ন নিয়ে বাড়ি থেকে বের হন। দালাল তাকে কক্সবাজার নিয়ে এসে ট্রলারে করে মালয়েশিয়ার পথে পাচার করে।
শামীম জানান, ট্রলারে জিম্মি করে দালালরা মুক্তিপণের জন্য নির্মম নির্যাতন চালাতো। অনাহারে-অর্ধাহারে দেড়-মাস পর্যন্ত তারা সাগরে ভাসমান অবস্থায় ছিলেন। এমনকি ওই অবস্থায় দালালরা তার কাছ থেকে ৫০ হাজার টাকা মুক্তিপণও আদায় করেছে।
তারপরও এখন বাড়ি ফিরতে পেরে খুশি তিনি।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমদ জানান, জেলা প্রশাসনের সঙ্গে যৌথভাবে মিয়ানমার ফেরত এ ৩৭ জনের কাছ থেকে পাচার বিষয়ে তথ্য সংগ্রহ করেছেন তারা।
বেশ কয়েকজন দালাল এ কাজ করেছে বলে জানা গেছে জানিয়ে তিনি বলেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এ ৩৭ জনের নিজ নিজ জেলায় মামলা দায়েরের জন্য সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ পাঠানো হয়েছে।
