রুলিং না দেওয়ায় হাজি সেলিমের খেদ
সুইস ব্যাংকে পাচার হওয়া অর্থের বিষয়ে তথ্য চাওয়ার পর স্পিকারের রুলিং নিয়ে অনুযোগ করেছেন স্বতন্ত্র সাংসদ হাজি মোহাম্মদ সেলিম।
শনিবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দেওয়া বক্তব্যের এক পর্যায়ে স্পিকারকে উদ্দেশ করে হাজি সেলিম বলেন, “এই সংসদে পয়েন্ট অব অর্ডারে আমরা অনেক কথাই বলি। কিন্তু দুঃখের বিষয়, আপনি কোনও রুলিং দেন না।
“আপনি রুলিং দিলে মন্ত্রণালয় কাজ করতো, আপনি রুলিং না দেওয়ায় আমাদের কথায় কাজ হচ্ছে না। রুলিং দিয়ে যদি কাজ করতে বলেন জাতি উপকৃত হবে, দেশ উপকৃত হবে এবং কথা বলে আমরাও উপকৃত হবো।”
এর আগে ‘সুইজারল্যান্ডে বাংলাদেশিদের অর্থ বাড়ছে’- এমন একটি প্রতিবেদন পড়ে শোনান হাজি সেলিম।
ওই দেশের ব্যাংকে থাকা অর্থ দিয়ে কয়েকটি পদ্মা সেতু করা যায় জানিয়ে তিনি বলেন, গত বছর সুইস ব্যাংকের জমা রাখা টাকার দেশওয়ারী একটি তালিকা প্রকাশিত হওয়ার পর বাংলাদেশ ব্যাংক তথ্য চেয়ে চিঠি লিখে। কিন্তু তাতে সুইস ব্যাংক তাতে সাড়া দেয়নি।
“পরে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের জন্য চিঠি দেওয়া হলেও তাতে সাড়া দেয়নি তারা।”
এই ব্যাপারে অর্থমন্ত্রী ও গভর্নরের পদক্ষেপ চেয়ে হাজি সেলিম বলেন, সুইজারল্যান্ড নামক দেশটি মুদ্রা পাচারকারীদের জন্য স্বর্গ উঠে উঠেছে।
“বঙ্গবন্ধু বলেছেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। এর অর্থই হলো অর্থনৈতিক মুক্তির সংগ্রাম। অর্থনৈতিক মুক্তির জন্য অর্থপাচার ঠেকাতে হবে।”
এ বিষয়ে অর্থমন্ত্রীকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
