২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শরীয়তপুরে কারারক্ষী-এলাকাবাসী সংঘর্ষ, আহত ১৫

কারাগারের ভেতর থেকে পুদিনাপাতা নেওয়াকে কেন্দ্র করে শরীয়তপুর জেলা কারাগারের রক্ষী ও স্থানীয়দের সংঘর্ষে পৌর কাউন্সিলরসহ অন্তত ১৫ জন আহত হয়েছে।

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2015, 02:44 PM

Updated : 22 Aug 2022, 12:38 PM

শুক্রবার রাতে এ সংঘর্ষে আহতদের শরীয়তপুর সদর হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংঘর্ষের পর থেকে জেল গেইটের সব দোকানপাট বন্ধ রয়েছে।

শরীয়তপুরের জেলার মো. তারিকুল ইসলাম বলেন, জেল গেটের ভেতরে হুগলী গ্রামের শফিক কোতোয়াল পুদিনা পাতা নিতে এলে কারারক্ষীরা গাছ ছিড়ে নিতে বারণ করে। এ নিয়ে কথা দুপক্ষের কাটাকাটি হয়। সন্ধ্যার পর কারারক্ষীরা গেটের সামনে বের হয় হলে বহিরাগতরা এসে তাদের উপর হামলা চালায়।

তবে স্থানীয় ব্যবসায়ী মোহাম্মদ আলী  বলেন, তারাবির নামাজের আগে কয়েকজন কারারক্ষী লাঠিসোঁটা নিয়ে গেটের বাইরে আসে। এ সময় কারারক্ষীরা শফিক কোতোয়ালদের গালাগালি করে। স্থানীয় পৌর কাউন্সিলর সিদ্দিক বেপারী বিষয়টি জানতে চাইলে কারারক্ষীরা উত্তেজিত হয়ে লাঠি দিয়ে তার মাথা আঘাত করলে তিনি মাটিতে পড়ে যান।এ ঘটনা দেখে স্থানীয় মজিবর তালুকদার এগিয়ে আসলে তাকেও মারধর করে কারারক্ষীরা।

এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা জড়ো হলে দুপক্ষের সংঘর্ষে শুরু হয়।

পালং থানার এসআই আতাউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ও দাঙ্গা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে তিন কারারক্ষীও আহত হয়েছে।

কাউন্সিলর সিদ্দিক বেপারী বলেন, “আমি কারারক্ষীর কাছে জানতে চাইছি কী হয়েছে? কিছু বুঝে উঠার আগেই তারা আমাকে লাঠি দিয়ে আঘাত করে মাথা ফাটিয়ে দেয়।আমাকে রক্ষা করতে এগিয়ে এলে মজিবর তালুকদারকেও তারা মারধর করে।”

এ ব্যাপারে শনিবার দুপুরে শরীয়তপুর কারাগারের জেলার মো. তরিকুল ইসলাম বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখসহ আারো ২০/২৫ জনকে আসামি করে পালং মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন বলেও জানান এসআই আতাউর।