রাজধানীজুড়ে বাহারি ইফতারির পসরা
শুরু হয়েছে মুসলমানদের সিয়াম সাধনার মাস রমজান; সারাদিন অভুক্ত থেকে ইফতারে পূর্ণ হবে রোজা। তাই রাজধানীর বাজার, রাস্তা আর অলি-গলিতে বাহারি ইফতারির পসরা সাজিয়ে বসেন দোকানিরা।
ছোট-বড় সব ধরনের রেস্তোরাঁয় রয়েছে ইফতারির আয়োজন; রাস্তার পাশে ছোট্ট টেবিল বসিয়ে ছোলা, মুড়ি, জিলাপি, বেগুনি-পিঁয়াজু চলছে বেচা-কেনা।
কাছে যেতেই এসব খাবারের ঝাঁঝালো ঘ্রাণ, আর ঐহিত্যবাহী চকবাজারে গেলেতো চারদিক খাবারের গন্ধে ভরা।
প্রতিবারের মতো এবারও চকবাজার ও বেইলি রোডে বসেছে ইফতারির পসরা। এছাড়া কারওয়ান বাজার, ধানমন্ডি ও গুলশানসহ সব এলাকার বড় বিপণিবিতানের সামনে বসেছে ইফতারির দোকান।
চকবাজার ও বেইলি রোডে বিভিন্ন ধরনের ভাজির সঙ্গে পাওয়া যাচ্ছে খাসির রানের রোস্ট, আস্ত মুরগি, কোয়েল, কবুতর ও হাঁসের রোস্ট। বটি কাবাব, জালি কাবাব, সুতিকাবাবের সঙ্গে পাওয়া যাচ্ছে চাপ।
প্রচণ্ড গরমে ক্লান্তির ছাপ অনেকের চোখেমুখে। তারপরও প্রথম রোজার ইফতারে ঐতিহ্যবাহী মুঘল খাবারের স্বাদ নিতে চকবাজারে দেখা গেল উপচেপড়া ভিড়। ভিড় চোখে পড়ে বেইলি রোডেও।
ভিড় ঠেলে রীতিমতো লড়াই করে পছন্দের ইফতারি কেনার পর নানা বয়সী নারী-পুরুষকে দেখা যায় হাসিমুখে ছুটছেন যার যার বাড়ির দিকে।
মিটফোর্ড রোডের বাসিন্দা মুজিবুল হক বলেন, দইবড়া, সুতি ও জালি কাবাব, ফালুদা ও ফিরনি চকবাজারের মতো শহরের আর কোথাও পাওয়া যায় না।
হাজারীবাগ থেকে এসেছে শিশু রাসেল। চকবাজারের গরুর কিমা, কলিজি, মগজ, চিকেন, চিড়া, ডাল, সুতি কাবাব, আলু ও ডিমসহ ১২টি মসলার সমন্বয়ে বানানো ‘বড় বাপের পোলায় খায়’ প্রিয় তার।
চকবাজারের শাহী জিলাপির ভক্তও কম নয়। এক কেজি ওজনের একেকটি জিলাপি কিনতেও দোকানের সামনে বরাবরের মতোই ভিড়।
তবে দোকানিরা বলছেন, এবার প্রথম রোজা শুক্রবার হলেও বেচা-কেনা প্রত্যাশা অনুযায়ী ততোটা নয়।
এর কারণ হিসেবে গরমের কথা বলছেন তারা।
উর্দু রোডের বাসিন্দা সজীব হোসেনের কথায়ও সায় মেলে দোকানির বক্তব্যের।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই গরমে ভাজা জাতীয় খাবার খেলে অসুস্থ হওয়ার সম্ভবনা বেশি। তাই বাসায় ছোট বাচ্চা থাকা সত্ত্বেও বিভিন্ন ধরনের শরবত ও দই বড়া কিনেছি।”
শান্তিনগরের বাসিন্দা ইয়াকুবের সঙ্গে কথা হয় বেইলি রোডে। খাসির হালিম, গরুর চাপসহ কয়েক ধরনের ইফতারি কিনেছেন। এর বাইরে ‘শাহী মামা পিঁয়াজু’ কিনতে ভুল করেননি তিনি।
“অন্যান্য সময় চকবাজারে যেতাম কিন্তু এখন বেইলি রোডে সব ধরনের ইফতারি থাকায় যাওয়া হয় না।”
বিকালে পুরান ঢাকার নাজিরাবাজার চৌরাস্তায় প্রচণ্ড ভিড়। কোনো রিকশা এদিক-সেদিক যাচ্ছে না। হেঁটে চৌরাস্তায় গিয়ে দেখা যায় তিনটি কাবাবের দোকানে মানুষের ঠেলাঠেলি।
সবুজ নামে এক দোকান কর্মচারী বলেন, মুরগির চাপ, গরুর মাংস ভুনা ও গুদ্দা ভুনা করা হয় এখানে। এই তিনটি খাবার নেওয়ার জন্য এত ভিড়।
এদিকে রোজায় খাবারের দাম বাড়িয়ে দেওয়ার অভিযোগ করেন এক ক্রেতা।
তিনি বলেন, গরু ভুনা আগে ৬০টাকা বিক্রি করলেও এখন ৮০টাকা নিচ্ছেন দোকানিরা।
