২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় চার ‘ভুয়া গোয়েন্দা’ গ্রেপ্তার

গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে ছিনতাই ও প্রতারণার অভিযোগে ঢাকায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2015, 11:34 AM

Updated : 22 Aug 2022, 12:38 PM

সেইসঙ্গে গ্রেপ্তার করা হয়েছে আরও চারজনকে, যারা ছিনতাইকারী বলে গোয়েন্দা পুলিশের দাবি।

চার ‘প্রতারক’ হলেন- শহীদুল ইসলাম গাজী, তার ভাই মনির গাজী, আবুল কালাম ও তারা মিয়া।

বৃহস্পতিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল ক্রসিং এর কাছ থেকে তাদের গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম-কমিশনার মনিরুল ইসলাম শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেন, “গ্রেপ্তারকৃতরা গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে রাস্তায় সাধারণ মানুষকে তল্লাশি করত। তারপর ভয়ভীতি দেখিয়ে তাদের টাকা ও গয়না হাতিয়ে নিত। কখনো বাধা দিলে বোমা ফাটিয়ে পালিয়ে যেত।”

দুই ভাই শহীদুল ও মনির একই অভিযোগে কিছুদিন আগে গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার হলেও জামিনে বেরিয়ে আবার অপরাধে লিপ্ত হন বলে মনিরুল ইসলাম জানান।

তিনি বলেন, “গ্রেপ্তার ভুয়া গোয়েন্দা পুলিশদের কাছ থেকে খেলনা পিস্তল, হাতকড়া, ওয়াকিটকি, একটি বোমা পাওয়া গেছে।”

এছাড়া বহস্পতিবার রাতে শাহবাগ এলাকা থেকে ছিনতাইযের অভিযোগে অলি উল্লাহ, মহিদুল ইসলাম, হাবিবুর রহমান ও নায়েব আলী নামে চারজনকে গ্রেপ্তার করেন গোয়েন্দা পুলিশের সদস্যরা।

তাদের কাছ থেকে একটি গাড়ি জব্দ করা হয়েছে, যা ছিনতাইয়ের কাজে ব্যবহার করা হত বলে মনিরুল ইসলাম জানান।