২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যৌক্তিক মানছেন অর্থমন্ত্রী, কিন্তু আশ্বাস দেননি

প্রস্তাবিত অষ্টম বেতন কাঠামো নিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দাবিকে যৌক্তিক মানলেও তা মেনে নেওয়ার বিষয়টি এড়িয়ে গেলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2015, 08:38 PM

Updated : 22 Aug 2022, 12:37 PM

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের নেতারা বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রীর সঙ্গে দেখা করে নতুন বেতন কাঠামো নিয়ে তাদের আপত্তি তুলে ধরেন।

তাদের বক্তব্য শুনে মুহিত বলেন, “আপনাদের অবস্থার অবনতি হয়েছে, আমার কাছে মনে হয়েছে এটা স্ট্রং পয়েন্ট।

“আপনাদের দাবিগুলো কনসিডারেশনের মেরিট আছে। তবে এসব বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। আমার আর বিশেষ কমেন্ট নেই।”

সপ্তম বেতন স্কেলে সচিব, সিলেকশন গ্রেডের অধ্যাপক ও মেজর জেনারেল এক নম্বর গ্রেডে থাকলেও প্রস্তাবিত বেতন স্কেলে সিলেকশন গ্রেডপ্রাপ্ত অধ্যাপক ও অধ্যাপকদের বেতন আগের তুলনায় তিন ধাপ নেমে গেছে।

এর প্রতিবাদে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করে আসছেন। তারা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন কাঠামো প্রণয়নের দাবি জানাচ্ছেন।

বেতন ও চাকরি কমিশনের প্রতিবেদন পর্যালোচনা করে গত ১৩ মে সর্বোচ্চ ৭৫ হাজার এবং সর্বনিম্ন ৮ হাজার ২৫০ টাকা মূল ধরে কাঠামো সুপারিশ করে সচিব কমিটি।

এখন অর্থ মন্ত্রণালয় সচিব কমিটির সুপারিশ পর্যালোচনা করে প্রতিবেদনটি চূড়ান্ত করতে মন্ত্রিসভায় উপস্থাপন করবে। তার আগেই অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করে নিজেদের দাবি জানাল শিক্ষকরা।

ওয়ারেন্ট অফ প্রিসিডেন্সে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পদমর্যাদা অনুযায়ী অবস্থান দেওয়া এবং সরকারি কর্মকর্তাদের মতো বিশ্ববিদ্যালয় শিক্ষকদের গাড়ি ও অন্য সুবিধা দেওয়ার দাবিও জানান শিক্ষকরা।

Image
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত (ফাইল ছবি)

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত (ফাইল ছবি)

শিক্ষকদের দাবির বিষয়ে কোনো মন্তব্য না করলেও মুহিত বলেন, “পে-কমিশন এবং এ সংক্রান্ত সচিব কমিটির প্রতিবেদন দেখছি। সেখানে কনসিডারেশনের পরে এনিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিসকাশন হবে।”

সপ্তম পে-কশিনের প্রতিবেদন প্রধানমন্ত্রীর সঙ্গে পর্যালোচনার পর একটি মন্ত্রিসভা কমিটি হয়েছিল জানিয়ে মুহিত বলেন, এবার সেই কমিটি হবে কি না জানি না, নাও হতে পারে।

“আগামী মাসের মধ্যে পে-কমিশনের প্রতিবেদন চূড়ান্ত করা হবে। যখনই এটা চূড়ান্ত হোক না কেন, জুলাই থেকেই কার্যকর হবে। সেটা নিয়ে কোনো চিন্তা নেই।”

বৈঠকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল, সহ-সভাপতি আনন্দ কুমার সাহা ছাড়াও অন্য শিক্ষক নেতারাও উপস্থিত ছিলেন।

বাংলাদেশের ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রতিনিধিত্ব রয়েছে এই ফেডারেশনে।

পুরনো খবর:

সর্বোচ্চ ৭৫০০০ টাকা মূল বেতনের সুপারিশ
স্বতন্ত্র বেতন স্কেল: বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কর্মবিরতি
বেতন কাঠামো: শিক্ষকদের জন্য ‘লড়বেন’ মন্ত্রী