২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্বতন্ত্র বেতন স্কেল: বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কর্মবিরতি

স্বতন্ত্র বেতন স্কেল ঘোষণার দাবিতে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট করেছেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2015, 05:31 PM

Updated : 22 Aug 2022, 12:32 PM

সোমবার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষকরা নিজ নিজ ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করেন।

সম্প্রতি বাংলাদেশ বেতন ও চাকরি কমিশনের প্রতিবেদন পর্যালোচনা করে সর্বোচ্চ ৭৫ হাজার এবং সর্বনিম্ন ৮ হাজার ২৫০ টাকা মূল ধরে কাঠামো সুপারিশ করেছে সচিব কমিটি।

এরপর থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষকরা স্বতন্ত্র বেতন স্কেল দাবি করে আসছেন।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার প্রত্যেক ক্যাম্পাসে বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত অবস্থান ধর্মঘট ও কর্মবিরতি করেন শিক্ষকরা।

এ সময় পূর্ব নির্ধারিত পরীক্ষা বাদে সব ক্লাস ও পরীক্ষা দুঘণ্টার জন্য স্থগিত রাখা হয়।

কর্মসূচি চলাকালে সমাবেশে চলতি মাসের মধ্যে শিক্ষকদের স্বতন্ত্র বেতন কাঠামো প্রণয়নের ঘোষণা দেওয়ার দাবি জানানো হয়।

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য নতুন বেতন কাঠানো প্রণয়ন ও বাস্তবায়নের মধ্যবর্তী সময়ে ঘোষিত বেতন কাঠামো পুনঃনির্ধারণ করে সকল বৈষম্য দূরীকরণের মাধ্যমে সিলেকশন গ্রেড অধ্যাপকদের বেতন-ভাতা জ্যেষ্ঠ সচিবদের সমতুল্য করার দাবি জানান তারা।

এছাড়া অধ্যাপকদের বেতন-ভাতা পদায়িত সচিবের সমতুল্য করে সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষকদের বেতন কাঠামো ক্রমানুসারে নির্ধারণ করাসহ শিক্ষকদের যৌক্তিক বেতন স্কেল ও মর্যাদা নিশ্চিত করারও দাবি জানানো হয়।

দাবি না মানলে শিক্ষকরা আরও কঠোর কর্মসূচি দেওয়ারও হুমকি দেন সমাবেশে।

পুরনো খবর:

সর্বোচ্চ ৭৫০০০ টাকা মূল বেতনের সুপারিশ