২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ আফ্রিকা থেকে ফিরল সোহেলের লাশ

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত মাদারীপুরের সোহেল শেখের (২৮) লাশ তার বাড়িতে পৌঁছেছে।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2015, 06:32 PM

Updated : 22 Aug 2022, 12:37 PM

বৃহস্পতিবার মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়ি ইউনিয়নের মহিষমারী গ্রামে তার লাশ পৌঁছায়।

সোহেল ওই গ্রামের সেকেন শেখের ছেলে।

তার ছোটভাই রুবেল শেখ জানান, জীবিকার জন্য প্রায় সাত বছর আগে দক্ষিণ আফ্রিকায় যান সোহেল। সেখানকার আমটাটা নামের একটি শহরে মুদির দোকান দিয়ে ব্যবসা করতেন তিনি।

রুবেল বলেন, “একই শহরে একটা বাসা ভাড়া করে থাকতেন ভাই। গত ১৫ জুন রাত ১২টার দিকে ওই শহরের একটি সন্ত্রাসী বাহিনী তার ঘরে ঢুকে গুলি করে হত্যার পর ঘরের জিনিসপত্র লুট করে নিয়ে যায়।”

ঘটনার পর বুধবার রাতে বাংলাদেশে তার লাশ পৌঁছায় বলে জানান তিনি।

সোহেলের বাবা সেকেন শেখ বলেন, "বাবা আমার বিদেশে গিয়েছিল অর্থ উপার্জন করে সংসারের দুঃখ দূর করবে বলে। ওই দেশের সন্ত্রাসীরা তা হতে দিল না। আমার ছেলেকে মেরেই ফেলল।”

দক্ষিণ আফ্রিকায় এই হত্যাকাণ্ডের বিচারে পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানান তিনি।