চট্টগ্রামে ১০০০ ইয়াবাসহ ‘বিক্রেতা’ গ্রেপ্তার
চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় বাসে তল্লাশি চালিয়ে এক হাজার ইয়াবাসহ এক ‘মাদক বিক্রেতা’কে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার সৈয়দ আলম (৪০) কক্সবাজার জেলার টেকনাফের নয়াপাড়ার এলাকার বাসিন্দা।
বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন জানান, বৃহস্পতিবার ভোররাতে বাকলিয়ার থানার চাক্তাই এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, কক্সবাজার থেকে ঢাকাগামী ‘স্টার লাইন’ পরিবহনের একটি বাসে এক ব্যক্তি ইয়াবা নিয়ে যাচ্ছে খবর পেয়ে চাক্তাই এলাকায় বাসটি থামায় পুলিশ। পরে তল্লাশি চালিয়ে এক হাজার ইয়াবাসহ আলমকে আটক করা হয়।
আলম ছোট ছোট প্যাকেটে ভরে কৌশলে এসব ইয়াবা শরীরে জড়িয়ে রেখেছিলেন বলে জানান ওসি।
তিনি বলেন, গ্রেপ্তার সৈয়দ আলম মাথায় টুপি ও দাঁড়ি রেখে নিজেকে ‘ধার্মিক’ দাবি করে ইয়াবা বিক্রি করতেন।
